ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভিন্নখবর

ভিন্নখবর বিভাগের সব খবর

কপিরাইট আইন লঙ্ঘন করে বিক্রি হচ্ছে বই

কপিরাইট আইন লঙ্ঘন করে বিক্রি হচ্ছে বই

প্রযুক্তিগত উৎকর্ষের কারণেই পাইরেসিসহ নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে সৃজনশীল বই। সামাজিক যোগাযোগযোগ মাধ্যমে লেখা ছড়িয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন লেখক। উল্টোদিকে আবার কপিরাইট আইনের লঙ্ঘন ঘটিয়ে অনুমতি ছাড়াই প্রকাশিত হচ্ছে বিদেশি লেখকের অনুবাদ গ্রন্থ। দেখা মিলছে অনুমোদনহীন ভারতীয় লেখকের বই। নিয়ম-নীতির তোয়াক্কা না করে এমন বেশ কিছু বই প্রকাশিত হয়েছে এবারে বইমেলায়। অনেক ক্ষেত্রে প্রকাশনীর পরিবর্তে ব্যক্তিগত উদ্যোগেও এমন বই প্রকাশিত হচ্ছে। এ বিষয়ে মেলার আয়োজক বাংলা একাডেমি বলছে, পাঁচ শতাধিক ছড়িয়ে থাকা বিশালসংখ্যক বইয়ের মধ্যে পাইরেটেড কিংবা অনুমোদনহীন অনুবাদের বই চিহ্নিত করা সম্ভব নয়। তবে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।    রবিবার একাদশতম দিনের মেলায় আইনের ব্যত্যয় ঘটানো তেমনই এক ঘটনার দেখা মেলে সূর্যোদয় প্রকাশনীতে। কপিরাইট আইনের নীতিমালা লঙ্ঘন করে প্রকাশনা সংস্থাটি প্রকাশ করেছে ড. ওয়াহিদুল আলম অনূদিত স্টিফেন হকিংয়ের বিশ্বখ্যাত বই ‘এ ব্রিফ টাইম অব স্টোরি’। একই প্রকাশনীটি থেকে বের হয়েছে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ.পি.জে আবদুল কালামের ‘উইংস অব ফায়ার’ শিরোনামের আত্মজীবনী। বইটির বঙ্গানুবাদ করেছেন মো. জাহিদুল আলম। গ্রন্থ দুটি প্রকাশে লেখকের পরিবার কিংবা সংশ্লিষ্টদের অনুমতি নেওয়ার বিষয়ে জানতে চাইলে প্রকাশনীটির প্রকাশক মো. আশরাফুল ইসলাম জনকণ্ঠকে বলেন, এ বইগুলো তো আসলে আমাদের প্রকাশনীর না। পরিবেশক হিসেবে আমরা বই বিক্রি করছি। তাহলে গ্রন্থ দুটি প্রকাশ কে করেছে-এ প্রশ্নের জবাবে বলেন, ওয়াহিদুল আলম স্যার ব্যক্তিগতভাবে প্রকাশ করেছেন। তাই প্রকাশনীর নাম আমার জানা নেই। এছাড়াও সৈয়দ ওয়ালীউল্লাহ’র ‘লালসালু’, ‘কাঁদো নদী কাঁদো’সহ শহীদ জননী জাহানার ইমাম, শওকত ওসমান, জহির রায়হানসহ প্রয়াত অনেক লেখকের বই অনুমতিহীনভাবে বিভিন্ন প্রকাশনীতে বিক্রি হচ্ছে। অথচ এই প্রকাশনীগুলোর পক্ষ থেকে লেখক পরিবারের কোনো যোগাযোগ করা হয়নি। উল্টোপিঠে  মেলা ঘুরে কমপক্ষে দশটি প্রকাশনীতে পৃথিবীর নানা দেশের খ্যাতিমান লেখকের অনুমোদনহীন অনুবাদের বইয়ের দেখা মেলে। এমন বাস্তবতায় দেশের অনেক লেখক বলছেন, প্রকাশকদের একাংশ বই প্রকাশের পর লেখকের সম্মানীর অর্থ নিয়ে নানা টালবাহানা করেন। এমনকি কপিরাইট আইনের লঙ্ঘন ঘটিয়ে লেখক-প্রকাশকের মধ্যে লিখিত কিংবা মৌখিক চুক্তিকেও পাত্তা দেন না। কপিরাইট আইন কার্যকর ও পাইরেসি প্রতিরোধের পাশাপাশি লেখকের অধিকার প্রতিষ্ঠাসহ সৃজনশীল সাহিত্যকে বাঁচানোর অভিপ্রায়ে মেলায় স্টল দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।  বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল জনপ্রিয় লেখকও বই প্রকাশের পর কঠিন বাস্তবতার সম্মুখীন হন। জনপ্রিয়তার বিপরীতে বই বিক্রির অনুপাতে বিব্রত হতে হয় লেখককে। অনলাইনেই যখন লেখকের অসাধারণ সব চিন্তা ও বইয়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো বিনামূল্যে মিলে যায়, কার দায় পড়ে তার লেখা বই কিনে পড়ার! একদিকে বই না বিক্রি হওয়ায় লেখক বঞ্চিত হন তার প্রাপ্য সম্মানী থেকে। অন্যদিকে আপনার, আমার শেয়ার করা লেখার কারণে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো লাভবান হলেও লেখক তার প্রাপ্য সম্মানী থেকে বঞ্চিত হয়। একসময় উৎসাহ হারিয়ে ফেলেন লেখক। এভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে পাইরেসির কারণে প্রতিবছর ৩০ শতাংশ লেখক লেখার আগ্রহ হারিয়ে ফেলেন। আর লেখক হারিয়ে গেলে, হারিয়ে যাবে প্রকাশনীও! আমরা চাই এই অবস্থার পরিবর্তন হোক। আমরা চাই পাঠক যেন অনলাইন পাইরেসির আনন্দ থেকে সরে এসে প্রিয় লেখকের বই সংগ্রহ করে। এতে করে লেখকের প্রাপ্য সম্মানী নিশ্চিত হবে। নতুন বইয়ের তথ্য বাংলা একাডেমির জনসংযোগ বিভাগের তথ্যানুযায়ী, এদিন প্রকাশিত হয়েছে ৭৫টি নতুন বই। সেই স্রোতধারা একাদশতম দিন পর্যন্ত নতুন বই এসেছে ৮৩৩ টি। রবিবার প্রকাশিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে  অনন্যা এনেছে মহিউদ্দিন আহমদের প্রথম উপন্যাস ‘শেখ মুজিবের লাল ঘোড়া’। প্রসিদ্ধ প্রকাশন এনেছে ইমতিয়ার শামীমের কাব্যগ্রন্থ ‘চরসংবেগ’। পুন্ড্র এনেছে মতিন বৈরাগীর কাঠামোবাদী তত্ত্বে ‘আমিনুল ইসলামের কবিতা’। শব্দ প্রকাশনী এনেছে আহাম্মদ আলীর ‘ওস্তাদ আলাউদ্দিন খাঁ প্রামাণ্য জীবনী’। টাঙ্গন থেকে এসেছে জহিরুল ইসলামের ‘ইস্তাম্বুলের ভ্রমণকাহিনী : আয়া সোফিয়ার নীরবতা। বাতিঘর এনেছে বদরুদ্দীন উমরের ‘চিরস্থায়ী বন্দোবস্ত : বাংলাদেশের কৃষক’। বইটি কেবল ইতিহাগ্রন্থ নয়, বরং এটি বাংলার কৃষি-কাঠামো এবং গ্রামীণ সমাজের পরিবর্তনের এক গভীর রাজনৈতিক-অর্থনৈতিক বিশ্লেষণ। বইটির মূল উপজীব্য হলো ১৭৯৩ সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্ত এবং এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব। বদরুদ্দীন উমর ঐতিহাসিক ঘটনাগুলোকে শ্রেণি-সংগ্রামের আলোকে বিশ্লেষণ করেছেন। জাগৃতি থেকে এসেছে ঝর্ণা রহমানের ‘আমার গানের মৌমাছিরা’। বইটি লেখক ব্যক্তিগত জীবনের সঙ্গে সংগীতের নিবিড় সম্পর্কের বয়ান মেলে ধরেছেন। তার এক আশ্চর্য বয়ান। বাঙ্গালা গবেষণা এনেছে অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদের ‘রচনাবলী-১’। অনুপম প্রকাশনী এনেছে মৃত্যুঞ্জয় রায়ের ‘সুন্দরবনের অণুজীব  বৈচিত্র্য’। বইটিতে সুন্দরবনের মাটিতে, জলে, এমনকি মরা কাঠ বা প্রাণীর দেহে বাস করা ব্যাকটেরিয়া, ছত্রাক,  শৈবাল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতীক এনেছে পলাশ পুরকায়স্থ থ্রিলারধর্মী উপন্যাস ‘মানিটো আওয়াসিস’। গবেষক বিলু কবীর সম্পাদিত সংকলন গ্রন্থ ‘রাণু ও রবীন্দ্রনাথ’ নেছে পুঁথিনিলয়। অনিন্দ্য প্রকাশ থেকে এসেছে ইসমাইল সাদীর কাব্যগ্রন্থ ‘তিন শব্দের চোখ’। মেলামঞ্চের আয়োজন : বিকেলে মূলমঞ্চে অনুষ্ঠিত হয় আসাদ চৌধুরী যাপন আর কবিতার মধ্যে ছিল একটা খাঁটি পূর্ববঙ্গীয় ব্যাপার শীর্ষক আলোচনাসভা। প্রবন্ধ উপস্থাপন করে কুদরত-ই-হুদা বলেন, কবি আসাদ চৌধুরী দীর্ঘ আশি বছর পুরোদস্তুর একজন কবির জীবনযাপন করেছেন। তাঁর কবিতায় সবসময়ই সক্রিয় থেকেছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি অপরিসীম দরদ। তাঁর যাপন আর কবিতার মধ্যে ছিল একটা খাঁটি পূর্ববঙ্গীয় ব্যাপার। আলোচকের বক্তব্যে  সৈকত হাবিব বলেন, আমাদের ভাষা ও সাহিত্যের অন্যতম বরেণ্য ব্যক্তিত্ব কবি আসাদ চৌধুরী। বাংলা সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অবদান সুদূরপ্রসারী। তিনি ছিলেন একজন গণমানুষ-প্রেমিক ব্যক্তিত্ব। একাধারে কবি, শিশু সাহিত্যিক, অনুবাদক, মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও জনপ্রিয় উপস্থাপক আসাদ চৌধুরী সকল ক্ষেত্রেই তাঁর মৌলিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সভাপতির বক্তব্যে সৈয়দ আজিজুল হক বলেন, কবিতার মধ্য দিয়ে বাঙালির ঐতিহ্যকে তুলে ধরার একটি প্রবণতা কবি আসাদ চৌধুরীর মধ্যে লক্ষ্য করা যায়। বিচিত্র বিষয়ে লেখার প্রবণতা ছিল তাঁর। লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন কবি, গবেষক ও সাংবাদিক মাহবুব হাসান। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন রহিমা আখতার কল্পনা। আবৃত্তি পরিবেশন করেন আলো আরজুমান বানু, ফারজানা এ্যালি। সংগীত পরিবেশন করেন কল্যাণী ঘোষ, মোসা. নিপা আক্তার, জাকিয়া সুলতানা স্বর্ণলতা, আরিমা তাবাসসুম, সাধিকা সৃজনী তানিয়া, দিপু সমাদ্দার, মমতা দাসী এবং তাপসী রায়। আজকের বইমেলা

পাঠকের আনাগোনায় মুখর প্রাণের উৎসব

পাঠকের আনাগোনায় মুখর প্রাণের উৎসব

বই নিয়ে আবেগ ও ভালোবাসার গল্পময় যাত্রাটা শুরুটা হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি। তবে বৃহস্পতিবার অবধি আট দিন পেরুলেও মলিনতার ছাপ ছিল অমর একুশে বইমেলার শরীরে। রমজান মাসের কারণে পাঠকখরার সমান্তরালে দর্শনার্থীদের আনাগোনাও ছিল অল্পস্বল্প। ফলে বাঙালির মননের প্রতীকী প্রাণের উৎসবে যেন চলছিল বিরহকাল। চোখে পড়ছিল বই নিয়ে স্বতঃস্ফূর্ততার অভাব। ক্রেতা না থাকায় বিরস বদনে আলসে সময় পার করছিলেন বই বিতানের বিক্রয়কর্মীরা। লোকসানের বোঝা বহনের চিন্তায় প্রকাশকদের কপালে লেপটেছিল চিন্তার ভাঁজ। বইপ্রেমী ও দর্শনার্থীদের অনুপস্থিতিতে অধিকাংশ সময় মেলা প্রান্তরে বিরাজ করেছে সুনসান নীরবতা। অবশেষে শুক্রবার ছুটির দিনে ভাঙল সেই নীরবতা। গ্রন্থানুরাগীদের পদচারণায় সরব হলো মেলার দুই ক্যানভাস- সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি আঙিন। বিশেষ করে সৃজন প্রকাশনা প্রতিষ্ঠানসমূহের অবস্থান উদ্যান অংশে  এদিন প্রাণবন্ত দৃশ্যের দেখা মিলেছে। হাতে হাতে ঘুরেছে বই। বইয়ের ব্যাগ হাতে নিয়ে ঘোড়াফেরা করা মানুষের সংখ্যাটাও নেহাত কম ছিল না।  সেই সুবাদে  অধিকাংশ প্রকাশনীতে ভিড় জমেছিল বই পোকাদের।           ফাগুনের সকাল থেকে খুলে যায় বইমেলার দুয়ার। শিশুপ্রহরের হাতছানিতে অভিভাবকদের সঙ্গী করে বইয়ের উৎসবে শামিল হয়েছিলেন সোনামণিরা। তাদের পদচারণায় মুখরিত হয়েছে শিশু কর্নারের স্টলগুলো। এরপর মুখরতা ছাপিয়ে বইয়ের রাজ্যে ডুবে যায় ছোট ছোট বইপ্রেমীরা। বাবা-মা কিংবা মামা-চাচার হাতের বাঁধনটি আলগা করে খুঁজতে থাকে নিজের পছন্দ ও মননের উপযোগী বইটি। সেই তালিকায় উঠে আসে  রূপকথার গল্প থেকে শুরু করে,  সুন্দরবনের প্রাণীরাজ্যের গল্প, ছড়ায় ছবিতে বাংলার ষড়ঋতুর গল্প, মহাকাশের রহস্যময় জগতের তথ্য মেলে ধরা বই,  কল্পবিজ্ঞান, অ্যাডভেঞ্চার, ভূতের গল্প, ম্যাজিক বুক, টোনাটুনি কিংবা ঈশপের গল্পসহ বিচিত্র বিষয়ের বই। ছোটদের উপযোগী মুক্তিযুদ্ধবিষয়ক বইয়ের প্রতিও  ছিল অনেকের প্রবল ঝোঁক। আর বই সংগ্রহের আনন্দকে সঙ্গী করে কাকতাড়ুয়া থিয়েটারের উপস্থাপিত বায়োস্কোপ কিংবা পুতুল নাচ দেখে কেটেছে তাদের সুন্দরতম সময়। সকাল গড়ানো দুপুর এবং বিকেলে মেলায়  ভিড় জমিয়েছিলেন জ্যেষ্ঠ পাঠকরা। অনেকে ইফতার শেষে সন্ধ্যার পর এসেছিলেন। সব মিলিয়ে ছুটির দিনে পাঠক ও দর্শনার্থীর পদচারণায় সরগরম হয় প্রাণের মেলা। যেহেতু এসেছিল কাক্সিক্ষত পাঠক তাই বইয়ের বিক্রিও অন্যান্য দিনের তুলনায় ভালো  হয়েছে। আর বই বিকিকিনির হিড়িকে হাসি ফুটেছে প্রকাশের মুখে। কাক্সিক্ষত বেচাকেনায় ছোট-বড় সব প্রকাশক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বসন্ত বিকেলে কথা হয় ঐতিহ্যের ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজলের সঙ্গে। আলাপচারিতায় বলেন, আজ যারা মেলায় এসেছেন তাদের অধিকাংশই বই কিনেছেন। বইকে ঘিরে আসা মানুষের এই পদচারণা আমাদের স্বস্তি দিয়েছে। সেই বাস্তবতায় মেলা শুরুর পর থেকে আজ (শুক্রবার) নবম দিনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।  বই বিকিকিনির এই স্বতঃস্ফূর্ত  ধারাটা মেলার আগামী দিনগুলোতেও   অব্যাহত থাকুক। নতুন বইয়ের তথ্য

মাতৃভাষা দিবস উপলক্ষে  আলিয়ঁসে বিশেষ  প্রদর্শনী

মাতৃভাষা দিবস উপলক্ষে আলিয়ঁসে বিশেষ প্রদর্শনী

শনিবার ছিল ভাষার মাস ফেব্রুয়ারির শেষদিন। আর মাসজুড়ে নানা অনুষ্ঠানসহ ফেব্রুয়ারির সমাপনী দিনেও অনুষ্ঠিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান।  এ উপলক্ষে ফরাসি সাংস্কৃতিক আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা তাদের নুভেল ভগ মিলনায়তনে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এই প্রদর্শনীতে স্বাধীন ধারার চলচ্চিত্র নির্মাতা এবিএম নজমুল হুদার নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হয়, যা মাতৃভাষার গুরুত্ব ও ভাষাগত বৈচিত্র্যের তাৎপর্য তুলে ধরে। এই প্রদর্শনীতে দেখানো হয় প্রামাণ্যচিত্র ‘ম্রো রূপকথা’। ছবিটিতে ম্রো ভাষায় রচিত প্রথম সাহিত্যগ্রন্থ প্রকাশের ইতিহাস ও তার নেপথ্যের গল্প তুলে ধরা হয়েছে। সাংস্কৃতিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে চলচ্চিত্রটি জাতীয় চলচ্চিত্র অনুদান পেয়েছে।  এছাড়াও বিশেষ এ আয়োজনে প্রদর্শিত হয় ‘দ্য কনসিকোয়েন্স’ নামের স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র; যা ম্রোদের ঐতিহ্যবাহী এক  লোকগাথার অবলম্বনে নির্মিত। এটি ম্রো ভাষায় নির্মিত প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র। সেই সুবাদে ধারণা করা হয়, বাংলা  ভাষার বাইরে এটিই বাংলাদেশে নির্মিত অন্য ভাষার প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র। প্রদর্শনী শেষে নির্মাতা এবি এম নাজমুল হুদা বলেন, আমাদের ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে আমাদের আবেগের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে ভাষা আন্দোলনের প্রেরণা। বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ৪১টির বেশি ভাষা প্রচলিত রয়েছে, যার মধ্যে কিছু ভাষা বিপন্ন অবস্থায় রয়েছে। এসব ভাষার নিজস্ব লিখিত বর্ণমালা নেই অথবা এসব ভাষায় খুব অল্প সংখ্যক মানুষ কথা বলে। ভাষা মানব সভ্যতার অন্যতম শক্তিশালী ও অর্থবহ অর্জন।  নির্মাতা আশা প্রকাশ করেন যে, এ ধরনের চলচ্চিত্র মাতৃভাষা চর্চা ও সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং মানুষকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে উৎসাহিত করবে। আমার বিশ্বাস, সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্মান ও সুস্থভাবে লালন করা গেলে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা সম্ভব। প্রসঙ্গত, এবি এম নাজমুল হুদা বাংলাদেশের একজন স্বাধীন চলচ্চিত্র নির্মাতা। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর গল্প বলার ভিন্ন এক ভাষা খুঁজে নেন তিনি। প্রাতিষ্ঠানিক চলচ্চিত্র শিক্ষার পরিবর্তে বাস্তব অভিজ্ঞতাকে পুঁজি করেছেন এই নির্মাতা। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে অন্তর্যাত্রা, মনপুরা, গেরিলা এবং বাড়ির নাম শাহানা।  তিনি একাধিক টেলিভিশন নাটক ও অনুষ্ঠান রচনা ও পরিচালনা করেছেন। এগুলোর মধ্যে রয়েছে উত্তরাধিকার বাংলাদেশের প্রথম টেলিভিশন রিয়েলিটি শো।

আবেগের টানে অনেকেই আসেন প্রাণের উৎসবে

আবেগের টানে অনেকেই আসেন প্রাণের উৎসবে

অমর একুশে বইমেলা মানে শুধু বইয়ের বিকিকিনি নয়।  জাতির মননের উৎকর্ষের প্রতীকী  মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে  চেতনার বহ্নিশিখা।   সেই  চেতনায় মিশে আছে ভাষা আন্দোলনের খরস্রোতা সংগ্রামী অধ্যায়।  শুধু কি তাই!  এই  মেলার সঙ্গে মিশে আছে মুক্তচিন্তার সমাজ গড়ার গল্প। যে গল্পে মিশে আছে মানবিক সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন। সম্প্রীতির সমাজ বিনির্মাণের ভাবনাটাকেও বহন করে এই গল্প। তাই তো একুশে বইমেলায় অনেকেই আসেন আবেগের টানে।  তারা নতুন বই সংগ্রহের আনন্দকে ছাপিয়ে অন্য কিছুরও সন্ধান করেন প্রাণের এই উৎসবে। হৃদয়ের অকৃত্রিম অনুরাগে শামিল হন  ভাষাশহীদদের স্মৃতিতে নিবেদিত  আযোজনটিতে। ঘুরে বেড়ান মেলার দুই ক্যানভাস  সোহরাওয়ার্দী  উদ্যান ও বাংলা একাডেমি আঙ্গিনায়। ভালোলাগার অনুভবে নতুন বই নিয়ে নাড়াচাড়ার পাশাপাশি স্টল বিন্যাসের সৌন্দর্য অবলোকনে মুগ্ধতার সন্ধান খোঁজেন। উপভোগ করেন গান-কবিতার সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে শিল্পী-সাহিত্যিক ও মনীষীদের স্মরণে অনুষ্ঠিত কথামালায় ।  কেউ বা লেখকদের লেখক হওয়ার ভেতরের গল্পটি শুনতে উপস্থিত হন লেখক বলছি মঞ্চের অনুষ্ঠানে। সব  দেশের সবচেয়ে বড় এই সাংস্কৃতিক উৎসবটাকে তারা ভিন্নভাবে উপলব্ধি করেন। একরাশ ভালোলাগার অনুভব নিয়ের তারা প্রবেশ করেন প্রাণের মেলায়। উদ্যাপনের অপার আনন্দের শামিল হওয়া  তেমনই এক কবি ও আবৃৃত্তিশিল্পী  এবং উপস্থাপিকা তাসনুভা মোহনা। শনিবার বসন্ত বিকেলে উৎফুল্ল মনে এই নারী চষে বেড়াচ্ছিলেন সোহরাওয়াদী উদ্যানের মেলা প্রান্তর। এই অংশের বাংলা একাডেমির প্যাভিলিয়নে দৃশ্যমান বাংলা বর্ণমালায় সজ্জিত রঙিন নকশা বোর্ডের সঙ্গে ফ্রেমবন্দি করছিলেন নিজেকে। এরপর ধীরে পায়ে চলে গেলেন প্রকাশনা সংস্থা বাতিঘরের  স্টলে। হাতে তুলে নেন সদ্য প্রকাশিত মোস্তাক শরীফ রচিত ‘মির্জা গালিব’ শিরোনামের বইটি।  এ সময় কথা হয় তাসনুভা মোহনার সঙ্গে। আলাপচারিতায় এই পাঠক ও দর্শনার্থী বইমেলাকে দেশজ সংস্কৃতির অনন্য উদ্যাপন উল্লেখ করে বলেন, বইমেলা মানে কেবল বই কেনা এবং বেচার বিষয় নয়। কেবলই ক্রেতা-বিক্রেতার সমাগম নয়। শুধুমাত্র বই কেনার জন্য  এখানে আসি না।  এই মেলার সঙ্গে মিশে আছে  আবেগের সম্পর্ক। যুক্ত রয়েছে ভাষা আন্দোলনের অবিনাশী চেতনা। মিশে  আছে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের সুন্দরতম অনুভূতি। অন্যদিকে এই মেলা যেন এক বিশালতম  সংস্কৃতির সুন্দরতম প্রকাশ। এখানে একটা মঞ্চে দাঁড়িয়ে লেখকরা তাদের লেখক হওয়ার গল্পগুলোকে মেলে ধরেন পাঠকের সামনে। এতে লেখক-পাঠকের মাঝে গড়ে ওঠে নিবিড়তম সম্পর্ক। আবার গ্রন্থ মোড়ক উন্মোচন মঞ্চে যখন লেখক তার সদ্য প্রকাশিত বইটির নিয়ে কথা বলেন তার অন্তর্গত আনন্দের রেশটা ছুঁয়ে যায় সেথায় উপস্থিত শ্রোতাদের মনে। এর বাইরে মেলামঞ্চের  সাংস্কৃতিক অনুষ্ঠানটিও আমার কাছে দারুণ উপভোগ্য। কখনো বা মনীষী কিংবা কবি-সাহিত্যিকদের নিবেদিত আলোচনা শুনেও ঋদ্ধ হই। তাছাড়া মেলা মানেই হচ্ছে উৎসব। সব ধরনের মানুষের সমাগম ঘটে এ উৎসবে। সবাই মিলে আয়োজনটাকে উদ্যাপন করে। এ কারণে  মেলা এখনো জমে না উঠলেও সুযোগ পেলেই এখানে ঢুঁ দেই। শনিবার নিয়ে দ্বিতীয় দিন নিলাম। এখনো তেমনভাবে  নতুন বই না আসায় খুব একটা বই  কেনা হয়নি।  তবে মেলাটা পুরোদমে উপভোগ করছি। এর বাইরে বন্ধুর সঙ্গে আড্ডা দেওয়াসহ আনন্দের নানা অনুষঙ্গ আমাকে টেনে নিয়ে আসে এই মেলায়। আমার মতো অনেকেই অভিন্ন অনুভূতি নিয়ে প্রবেশ করেন ভাষা আন্দোলনের স্মৃতির স্মারক এই তীর্থস্থানে।

৭ প্রতিষ্ঠানে চাকরি হারাচ্ছে মানুষ

৭ প্রতিষ্ঠানে চাকরি হারাচ্ছে মানুষ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একদিন মানুষের চাকরি কেড়ে নেবে- এই আশঙ্কা বেশ কয়েক বছর ধরে তীব্র হয়েছে। বাস্তবতা হলো, সেই ভবিষ্যৎ যেন ইতিমধ্যে শুরু হয়ে গেছে।ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষণায় দেখা গেছে, এআই ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের প্রায় ১১ দশমিক ৭ শতাংশ কাজ প্রতিস্থাপন করতে সক্ষম। গবেষকেরা ‘আইসবর্গ ইনডেক্স’ নামে একটি বিশেষ টুল ব্যবহার করে ১৫ কোটি মার্কিন কর্মীর তথ্য বিশ্লেষণ করেছেন এবং দেখেছেন কোন কোন পেশায় মানুষের জায়গা এআই নিতে পারে। এআই যেমন মানুষের কাজ দখল করছে, তেমনি নতুন কাজের সুযোগও তৈরি হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জরিপে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী প্রায় ৪১ শতাংশ প্রতিষ্ঠান কর্মীর সংখ্যা কমাতে পারে। তবে বড় ডেটা, ফিনটেক ও এআই-ভিত্তিক প্রযুক্তি খাতে চাকরির সংখ্যা ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।নিচে কিছু প্রতিষ্ঠান উল্লেখ করা হলো, যারা ইতিমধ্যে এআই দিয়ে মানুষের কাজ প্রতিস্থাপন করেছে বা সেই পথে হাঁটছে। এইচপি : এআই-ভিত্তিক উদ্যোগের কারণে করপোরেট পর্যায়ে কর্মীর সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে আমেরিকান প্রযুক্তি প্রতিষ্ঠান এইচপি। ২০২৮ সালের মধ্যে ৪ থেকে ৬ হাজার কর্মী ছাঁটাই করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। এতে প্রায় ১ বিলিয়ন ডলার সাশ্রয় হবে। প্রতিষ্ঠানটি বলেছে, এআই গ্রহণ ও প্রয়োগের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি, উদ্ভাবন ও উৎপাদনশীলতা বাড়ানো হবে। আইবিএম : যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রধান নির্বাহী কর্মকর্তা অরবিন্দ কৃষ্ণা দ্য ওয়াল স্ট্রেট জার্নালকে জানান, তাঁর প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগে শতাধিক কর্মীর কাজ ইতিমধ্যে এআই দিয়ে করানো হচ্ছে। ২০২৬ সালের শেষ দিকে আরও কয়েক হাজার কর্মী ছাঁটাই হতে পারে। তবে নতুন প্রযুক্তি ও কোয়ান্টাম ক্ষেত্রের জন্য নিয়োগ বাড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে পাঁচ বছরে মানবসম্পদের মতো বিভাগে প্রায় ৩০ শতাংশ কাজ এআই দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আমাজন : যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটিতে এআই-নির্ভর দক্ষতা বৃদ্ধি পেয়েছে। ফলে আগামী কয়েক বছরে কর্মীর সংখ্যা কিছুটা কমতে পারে। তবে সাম্প্রতিক সময়ে ছাঁটাই মূলত সাংগঠনিক সংস্কৃতি পুনর্গঠনের অংশ বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে। আমাজন এআইকে উদ্ভাবন বাড়ানোর সহায়ক হিসেবে দেখছে। সেলসফোর্স : বিশ্বের শীর্ষস্থানীয় ক্লাউড-ভিত্তিক সফটওয়্যার প্রতিষ্ঠান সেলসফোর্স। এর গ্রাহক সহায়তা বিভাগে এআই এজেন্ট ব্যবহার করছে। এর ফলে কর্মীর সংখ্যা ৯ হাজার থেকে কমে প্রায় ৫ হাজারে চলে এসেছে। তবে নতুন কর্মী নিয়োগের প্রয়োজন পড়েনি এবং শত শত কর্মীকে অন্যান্য বিভাগে পুনর্বিন্যাস করা হয়েছে। ক্লারনার : প্রতিষ্ঠানটিতে গত চার বছরে ক্লারনারের কর্মীর সংখ্যা অর্ধেকে নেমে এসেছে এবং আগামী বছরগুলোতেও কমতে পারে। বর্তমানে ক্লারনায় প্রায় ৩ হাজার কর্মী আছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ২ হাজারের নিচে নামতে পারে। ২০২২ সালে কর্মীর সংখ্যা ছিল ৭ হাজার। যেখানে ‘মানবিক সংযোগ’ গুরুত্বপূর্ণ, সেই কাজগুলোতে মানুষ অপরিবর্তিত থাকবে। এআই সহকারী বর্তমানে ৮৫৩ জন কাজ করতে সক্ষম। এতে বছরে প্রায় ৫৮ মিলিয়ন ডলার সাশ্রয় হচ্ছে। ফাইভার : এটি ফ্রিলেন্সারদের জন্য গঠিত একটি অনলাইন মার্কেট প্লেস। প্রতিষ্ঠানটি সম্প্রতি মোট কর্মীর প্রায় ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। এই পদক্ষেপ ফাইভারকে আরও এআই নির্ভর কোম্পানিতে রূপান্তরিত করবে। কফম্যান বিজনেস ইনসাইডারকে জানান, ফাইভার ভবিষ্যতে শুধু সেই লোকদের নিয়োগ দেবে যাঁরা এআই ব্যবহার করতে জানেন। ওয়াইজটেক : লজিস্টিক সফটওয়্যার নির্মাতা ওয়াইজটেক ২ হাজার জন বা ৩০ শতাংশ কর্মী ছাঁটাই করছে। সিডনি-ভিত্তিক এই কোম্পানিতে অক্টোবরের বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী প্রায় ৭ হাজার কর্মী কাজ করত।এআই এখন কোড লেখা থেকে গ্রাহকসেবা পর্যন্ত মানুষের কাজের জায়গা দখল করছে। ভবিষ্যতে অনেক প্রতিষ্ঠান তাদের কর্মীর অর্ধেককে ছাটাই করতে বাধ্য হতে পারে। আইটি ডেস্ক

কণ্ঠস্বরই যখন গোপনীয়তার বড় হুমকি

কণ্ঠস্বরই যখন গোপনীয়তার বড় হুমকি

আপনার কণ্ঠস্বর এখন আর শুধু কথা বলার মাধ্যম নয়। একজন কণ্ঠ বিশেষজ্ঞ আপনার কথা বলার ধরন শুনেই অনেক কিছু বলে দিতে পারেন। আপনার শিক্ষা, মানসিক অবস্থা, এমনকি পেশা বা আর্থিক অবস্থাও তাঁর কাছে স্পষ্ট হয়ে উঠতে পারে। বিষয়টি শুনতে অদ্ভুত মনে হলেও বিজ্ঞানীরা এখন এক বড় আশঙ্কার কথা জানাচ্ছেন। তাঁরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আপনার গলার স্বর বিশ্লেষণ করে আপনার অজান্তেই একটি নিখুঁত ব্যক্তিগত প্রোফাইল তৈরি করে ফেলতে পারে। এর ফলে এই প্রযুক্তি ব্যবহার করে অন্যের কাছ থেকে অন্যায্য সুবিধা নেওয়া বা আপনাকে হয়রানি করার সুযোগ তৈরি হতে পারে। মানুষ কথা বলার সময় অন্যের ক্লান্তি, দুশ্চিন্তা বা আনন্দ বেশ সহজেই বুঝতে পারে। কিন্তু কম্পিউটার বা এআই এই কাজটি করতে পারে আরও দ্রুত এবং মানুষের চেয়েও অনেক বেশি নিখুঁতভাবে। নতুন এক গবেষণা বলছে, আপনার কথা বলার ধরন থেকে অনেক কিছুই জানা সম্ভব। এমনকি আপনার ব্যবহৃত শব্দগুলো থেকে আপনার মনের খবরও পাওয়া যায়। এর মাধ্যমে আপনার রাজনৈতিক পছন্দ যেমন বোঝা যায়, তেমনি শরীরের জটিল কোনো রোগ বা স্বাস্থ্যের অবস্থা সম্পর্কেও আগাম ধারণা পাওয়া সম্ভব। গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রসিডিংস অব দ্য আইইইই জার্নালে এ সংক্রান্ত একটি গবেষণা প্রকাশিত হয়। গবেষকদের সবচেয়ে বড় উদ্বেগ হলো, প্রযুক্তির এই ক্ষমতা যদি ভুল পথে ব্যবহৃত হয়, তবে তা আমাদের ব্যক্তিগত গোপনীয়তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। নতুন এক গবেষণা বলছে, আপনার কথা বলার ধরন থেকে অনেক কিছুই জানা সম্ভব। এমনকি আপনার ব্যবহৃত শব্দগুলো থেকে আপনার মনের খবরও পাওয়া যায়। কণ্ঠস্বর শনাক্তকরণ প্রযুক্তি আমাদের জন্য অনেক সুযোগ তৈরি করলেও এর পেছনে লুকিয়ে আছে বড় এক ঝুঁকি। ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও এই গবেষণার প্রধান লেখক টম বাকস্ট্রোম একটি গুরুতর আশঙ্কার কথা জানিয়েছেন।  তাঁর মতে, কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি আপনার কণ্ঠস্বর বিশ্লেষণ করে আপনার আর্থিক অবস্থা বা প্রয়োজনের কথা বুঝে ফেলে, তবে তারা সেটিকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে পারে। ধরুন, আপনার গলার স্বর শুনে কোনো এআই বুঝে ফেলল আপনি আর্থিকভাবে বেশ সচ্ছল। অথবা আপনার কথা শুনে মনে হলো, এই মুহূর্তে আপনার কোনো সেবা খুব জরুরি। এমন পরিস্থিতিতে বিমা কোম্পানিগুলো আপনার জন্য সেবার দাম বাড়িয়ে দিতে পারে। আপনার কণ্ঠস্বরের ওপর ভিত্তি করে নেওয়া এই অন্যায্য সুযোগকেই বলা হয় ডিজিটাল বৈষম্য। ঝুঁকি এখানেই শেষ নয়। আমাদের কণ্ঠস্বর আমাদের মানসিক দুর্বলতা, লিঙ্গপরিচয় ও আরও অনেক ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিতে পারে। সাইবার অপরাধীরা বিভিন্ন প্ল্যাটফর্মে এই তথ্য ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করতে পারে। ফলে ব্যক্তিগত জীবনে হয়রানি বা ব্ল্যাকমেইলের মতো ঘটনা ঘটার আশঙ্কা বেড়ে যায়। আমরা যখন কথা বলি, তখন অবচেতনভাবেই এই তথ্যগুলো অন্যের কাছে পৌঁছে দিই এবং আমাদের মস্তিষ্কও অন্যের কণ্ঠের প্রতি অবচেতনভাবেই সাড়া দেয়।  সূত্র: লাইভ সায়েন্স

এক সময়ের নিঃস্ব হাসান এখন স্ট্রবেরি চাষ করে কোটিপতি

এক সময়ের নিঃস্ব হাসান এখন স্ট্রবেরি চাষ করে কোটিপতি

এক সময়ে বিদেশে বন্দি স্বপ্ন এখন দেশের মাটিতে ডানা  মেলেছে তার। সোনার হরিণের পেছনে বিদেশে পাড়ি দেওয়ার জালে জড়িয়ে ফেলেছিলেন তারুণ্যের স্বপ্ন। অচেনা বিদেশ বিভুঁইয়ের কারাগার প্রকোষ্ঠে চাপা আর্তনাদ কেউ শুনত না তার। বিদেশের রঙিন জীবনের নেশা আর ভালো উপার্জনের স্বপ্ন  কারাগারের নিকষ আঁধারে হারিয়ে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল সে সময়। তবে বিদেশে গিয়ে ভালো উপার্জনের স্বপ্নের ডানা এখন দেশের মাটিতেই খুলেছে বগুড়ার তরুণ কৃষি উদ্যেক্তা এম এ হাসানের। বিদেশে সব হারানো এই তরুণের গল্প এখন সাফল্যে ভরা। বিদেশের কারাগার তার স্বপ্ন যেমন কেড়ে নিতে পারেনি তেমনি বিদেশি ফল স্ট্রবেরিও তাকে হতাশ করেনি। স্ট্রবেরি চাষ করেই এক সময়ের নিঃস্ব তরুণ হাসান এখন কোটিপতি। নিজের দেশের সোনার মাটি তাকে নতুন উদ্যমে পথচলার পুঁজি ও নতুন দিনের সাফল্যের ছবি আঁকার পথ দেখিয়েছে। বিদেশের মাটিতে ভালো থাকার ঠিকানা খোঁজা হাসান এখন দেশেই পেয়েছেন স্বস্তির ঠিকানা। তাই তার চোখ ভরে এখন এই ফাগুনের আলোর দ্যুতির স্বপ্নরা ঝাঁপি খুলে বসে তার লাল-সবুজের ছোপ দেওয়া খেতে। সবুজের সঙ্গে লাল বর্র্ণের ফুটে ওঠা নিজের খেত শুধু চিত্তাকর্ষক বা মনোমগ্ধকর এক খামারই নয়, স্বপ্ন ভাঙা এক তরুণের নতুন করে ঘুরে দাঁড়ানোর সফলতার প্রতিচ্ছবি। নিজগ্রামে বিশাল স্ট্রবেরি খামারের সাফল্যে তাকে এ অঞ্চলে অন্যতম কৃষি উদ্যোক্তার পরিচয় এনে দিয়েছে। এটি উত্তরের মধ্যে সবচেয়ে বৃহৎ স্ট্রবেরি খামার। বগুড়া সদরের শেষ সীমানা ঘেঁষে বগুড়ার শিবগঞ্জ ও গাবতলি উপজেলার সীমানার কাছেই সবুজে ছাওয়া হাসানের গ্রাম সদরের রায়মাঝিড়া। এখানকার উর্বর জমিই তাকে নতুন করে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছে। বোরো জমিতে সেচ দেওয়ার স্ফটিকের মতো স্বচ্ছ পানির এঁকে বেঁকে জমির আইল ধরে চলে যাওয়ার পথে নীরবতা ছন্দপতন, শ্যালো মেশিন থেকে পানি ওঠানোর শব্দে ভাঙে এই নীরবতা। তবে এসব শব্দ যেন থেমে যায় হাসানের মনোলভা স্ট্রবেরি খামারের প্রান্তে। পরিচ্ছন্ন খামারে গুল্মজাতীয় স্ট্রবেরি গাছের ফাঁক দিয়ে লাল বর্ণের মোহনীয় উজ্জ্বলতা ছড়িয়ে উঁকি দিচ্ছে ফল। সকাল থেকে কর্মীদের ব্যস্ততা আর বিশাল খামারের চোখ জুড়ানো সবুজ আর লালের হাতছানি। একেবারে গ্রামীণ এলাকায় এ ধরনের বিশাল যজ্ঞের স্ট্রবেরি খামার অনেককে হতচকিত করে বিহ্বলতা এনে দেবে। তবে মোহনীয় এই স্ট্রবেরির খামার একই সঙ্গে মুগ্ধতাও এনে দেবে। এক যুগ আগের কথা। হাসান তখন কেবল কলেজের গন্ডি পেরিয়ে বিশ^বিদ্যালয়ে পা দিতে ঢাকায়। তবে তার মনোজগত জুড়ে ছিল বিদেশের চাকচিক্যে চোখ ধাঁধানো জীবনের হাতছানি। গ্রাম থেকে ঢাকায় গিয়ে বেসরকারি বিশ^বিদ্যালয়ে ভর্তি হলেও বিদেশে গিয়ে অনেক টাকা আয় আর উন্নত জীবনের টান তাকে অষ্ট্রেপৃষ্ঠে জড়িয়ে ধরে। শেষমেশ পাড়ি জমান অচেনা দেশের উদ্দেশে। তবে বিধি বাম। ভ্রমণের নথি নিয়ে জটিলতায় ইউরোপোর দেশ জর্জিয়ায় কারাগারে গিয়ে স্থান হয়। তখন তার চোখে ঘোর অন্ধকার। ৬ মাস কারাগারে থাকার পর ফিরেন দেশে। তবে বিদেশে যাওয়া তার কাছে জেদে পরিণত হয়েছিল। ৩ বারের চেষ্টায় অবশেষে মালয়েশিয়ায় গিয়ে কিছু দিন থিতু হতেই অবার বিপদ। সেখান থেকে কোনোমতে রক্ষা পেয়ে ফিরেন দেশে। তবে ততদিন ঋণের ভার তার পুরো পরিবারকে গিলে খেতে বসেছে। বাড়ি ফিরে কি করবেন তা চিন্তা করতেই আকাশ ভেঙে পড়ার অবস্থা। কিছু যে করবেন তার মূলধন কই। এলাকার সমিতি থেকে ৪৬ হাজার টাকা ঋণ নিয়ে যাত্রা শুরু করেন কৃষি খামার গড়ার সংগ্রাম। প্রথমে পেঁপে চাষ। এর পরেই স্ট্রবেরি চাষ নিয়ে খোঁজ খবর নিতে শুরু করলেন। দেখলেন কম সময়ের ফল চাষে তুলনামূলক কয়েগুণ বেশি লাভ। শুরু করলেন স্ট্রবেরি চাষ। তবে প্রথম কয়েক বছর এ জন্য করতে হয়েছে প্রচুর পরিশ্রম। একপর্যায়ে হালছাড়ার কথাও ভেবেছিলেন। তবে  লেগে থাকার কারণে আর পেছনে ফিরতে হয়নি। এখন মোট ৭ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করছেন। এর সঙ্গে রয়েছে ১ বিঘা জমির ওপর চারা তৈরি পলিনেট হাউস (কৃষি বিভাগ থেকে তৈরি করে দেওয়া)। তবে স্ট্রবেরিতেই থেমে নেই তিনি। আরও ৭ বিঘা জমিতে মাল্টা, ড্রাগন, উন্নত জাতের কলা ও পেয়ারা বাগান করেছেন। জানালেন স্ট্রবেরি চাষ ও ফলন ৫ মাসের। এর মধ্যে মধ্যে ফলন হয় ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত। ডিসেম্বর থেকে চারা লাগালে এই সময় পর্যন্ত ফলন হয়। এর আগেও চারা লাগানো যায়। হাসানের স্ট্রবেরি খামারে আমেরিকান ফেস্টিভ্যাল, উইন্টার ডন, থাই-ইতালি জাত ও ফ্রিডম ২৪ জাতের স্ট্রবেরির প্রায় ৩৫ হাজার গাছ থেকে ফল হয়। গড়ে প্রায় ১ কেজি পর্যন্ত ফল পাওয়া যায় প্রতি গাছ থেকে মৌসুমে।  সাড়ে ৩ থেকে সাড়ে সাড়ে ৪শ’ টাকায় প্রতি কেজি স্ট্রবেরি বিক্রি হয়। অনলাইন মার্কেট থেকে শুরু করে পাইকারদের অর্ডার অনুযায়ী ফল তোলা হয় বাগান বা ফার্ম থেকে। হাসানের শালিন অ্যাগ্রো ফার্ম নামে এই স্ট্রবেরি খামার থেকে প্রতিদিন ২ থেকে আড়াইশ’ কেজি স্ট্রবেরি স্থানীয় বাজার ছাড়াও রংপুর, নীলফামারী, যশোর, গাজীপুর, মুন্সীগঞ্জ, কুষ্টিয়া ফরিদপুরসহ বিভিন্ন জেলায় স্ট্রবেরি যায়। যার দাম লাখ টাকা ছাড়িয়ে যায়। শুধু ফল নয় এখান থেকে চারা উৎপাদনও তার খামারের মূল আর্থিক উৎস হয়ে উঠেছে। বছরে প্রায় ২ লাখ চারা বিক্রি করেন ১৫ থেকে বিভিন্ন টাকা দরে। কৃষি বিভাগের স্থানীয় উপ-সহাকরী কৃষি কর্মকর্তা রেজাউল কিবরিয়া জানান, চারা উৎপাদন ও স্ট্রবেরি চাষে সবধরনের সহায়তা দেওয়া হচ্ছে। প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে একটি পলিনেট হাউস করে দেওয়া হয়েছে চারা উৎপাদনের জন্য। এ ছাড়া ট্রাইকোকম্পোস্ট সারের জন্য একটি ইউনিট করে দেওয়া ছাড়াও তরুণ উদ্যোক্তা হাসানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। হাসান তার ফার্মে মালচিং পদ্ধতিতে স্ট্রবেরি উৎপাদন করছেন। হাসান জানালেন, স্ট্রবেরি চাষের সঙ্গে একই জমিতে তিনি সাথী ফসল হিসাবে তরমুজ চাষ শুরু করেছেন। স্ট্রবেরি ফলন শেষ হলে পুরোদমে তরমুুজ লাগাবেন। সাথী ফসল হিসাবে তরমুজ থেকেও ভালো লাভ করা যায়। এক সময়ে বিদেশের কারাগারে স্বপ্ন খুইয়ে নিঃস্ব হওয়ার পথ থেকে সফল উদ্যেক্তা হওয়া হাসানের স্ট্রবেরি চাষের খামার এখন উত্তরের মধ্যে সবচেয়ে বড় হওয়ার সঙ্গে দৃষ্টিনন্দন ও আকর্ষণীয়। তার স্ট্রবেরি খামারে প্রায় ১৮ জন শ্রমিক কাজ করেন। এরমধ্যে ১০ জন নিয়মিত। খামারের কাজে শ্রমকিদের আসা যাওয়ার জন্য ২টি মোটরসাইকেল কিনেছেন। নিজে চালান প্রাইভেটকার। বিদেশে যাওয়ার জন্য যে ঋণ পরিবার করেছিল তা আর নেই। পরিবারের মুখে হাসি এনে দেওয়ার সঙ্গে তার এগিয়ে যাওয়ার পথকে আরও বিস্তৃত করেছেন। তার লক্ষ্য স্ট্রবেরি ফার্মকে সামনে আরও বড় করা। লিজ নেওয়া জমিতে তিনি চাষ করেন। আগামীতে ৭ বিঘার খামার ১৬ বিঘাতে পরিণত করে একটি আধুনিক খামার প্রতিষ্ঠা তার বড় স্বপ্ন। জানান অন্য যে সব ফল করছেন আগামীতে সেসব ফল না করে পুরো জমিতেই স্ট্রবেরি চাষের খামার গড়ে তোলার লক্ষ্য। এভাবেই এক অত্যাধুুনিক কৃষি ফার্ম গড়ে তোলার পথে এগিয়ে যেতে চান। স্ট্রবেরির উদ্ভিদীয় নাম ফ্রাগারিয়া। প্রাচীন রোমান সাহিত্যে স্ট্রবেরির কথা রয়েছে। শুধু ফল হিসাবে নয়, নানা স্বাদের খাদ্য, পানীয় তৈরিতে এর প্রাসঙ্গিকতার জুড়ি মেলা ভার। এক সময় এটি  ছিল রাজকীয় খাবারের অংশ। সুদূর ফ্রান্সে এর চাষ ১৮ শতকের মাঝের সময়ে এর বাণিজ্যিক চাষ শুরু হলেও এর চাষ ও গুণাবলির কথা ইতিহাসে মিলে অনেক আগে থেকে। ১৫ থেকে ১৬শ’ শতকে এর চাষ ও এর নানা বর্ণনা বর্ণিত হতে দেখা যায়। তবে ফ্রান্সের সঙ্গে এটি উত্তর আমেরিকার ও ইউরোপের অন্য অঞ্চলেও পুষ্টি, স্বাদ আকর্ষণীয়তায় এটির চাষ বাড়ে। প্রধানত শীত প্রধান দেশের ফল হলেও উষ্ণ শীত এলাকাতেও এর চাষ হয় বলে এটির চাষ দেশেও জনপ্রিয় হয়ে উঠছে। অনেক কৃষি কর্মকর্তা জানিয়েছেন উত্তরের জেলাগুলোতে এর সম্ভবনা বেশি। এ বিষয় বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক  সোহেল মো. সামসুদ্দিন ফিরোজ জানান,বগুড়া সদর ছাড়াও শাজাহানপুর, শেরপুর, নন্দীগ্রাম শিবগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় স্ট্রবেরি চাষ হচ্ছে। কৃষিবিভাগের হিসাবে মতে বগুড়ায় ১৬ বিঘা জমিতে স্ট্রবেরি চাষ হচ্ছে। এর মধ্যে সদরের শালিন অ্যাগ্রো সবচেয়ে বড় ও কমার্শিয়াল খামার। জেলায় স্ট্রবেরির সম্ভবনা থাকলেও এটি সংরক্ষণের সমস্যা দূর হলে এটি চাষে আগামীতে কৃষকরা আগ্রহী হয়ে উঠবে। বাজারও হবে বড়। বগুড়া থেকে উৎপাদিত স্ট্রবেরি খুলনা,পটুয়াখালী, শেরপুর, যশোর, দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় যাচ্ছে। এর সঙ্গে চারাও এখান থেকে বাইরে যাচ্ছে।

যশোরের গ্রামে শিমুলের অভূতপূর্ব জাগরণ

যশোরের গ্রামে শিমুলের অভূতপূর্ব জাগরণ

মাঘের শেষ বিকেল। শীতের রুক্ষতা তখনো পুরোপুরি বিদায় নেয়নি। মাঠের ঘাসে ধুলা, খাল-বিলের পানি কমে এসেছে, গাছের ডালে ক্লান্তির ছাপ। এমন সময়ই হঠাৎ চোখে পড়ে আগুনরঙা এক বিস্ময় শিমুল ফুল। যেন দীর্ঘ নিদ্রা ভেঙে ঋতুরাজ বসন্তের প্রথম আহ্বানে জেগে ওঠে সে। সারা বছর নির্বাক দাঁড়িয়ে থাকা শিমুলগাছ ফাগুনের শুরুতেই লাল শিখায় জ্বলে উঠে জানিয়ে দেয় বসন্ত এসেছে। যশোরের গ্রামে গ্রামে এখন সেই রঙের উচ্ছ্বাস। শার্শা উপজেলার কাশিপুর থেকে চৌগাছা উপজেলার কাবিলপুর, ধুলিয়ানি পেরিয়ে ফতেপুর হয়ে বেড়গোবিন্দপুর বাঁওড়ের পূর্ব পাশের সড়কে গেলে দেখা মেলে সারি সারি শিমুলগাছ। দু’পাশ লাল হয়ে আছে। দূর থেকে মনে হয়, কেউ যেন রাস্তার ধার জুড়ে আগুনের মালা টাঙিয়ে দিয়েছে। ঝলমলে রৌদ্রের আলোয় সেই লাল আরও দীপ্ত, আরও গভীর। শিমুলের এই রং এক আবেগ। কবি-সাহিত্যিকদের কলমে বহুবার ফিরে এসেছে এই রক্তিম ফুল। কোকিলের ডাক, আম-লিচুর মুকুল, বাতাসে মৃদু উষ্ণতার স্পর্শ সব মিলিয়ে প্রকৃতি যেন নতুন করে প্রেমের ডাক শোনায়। শিমুলের লাল পাপড়ি নীল আকাশের পটভূমিতে এমনভাবে ফুটে ওঠে, মনে হয় প্রকৃতি নিজেই রাঙা আলপনা এঁকেছে। শিমুলগাছের একটি আলাদা স্বভাব আছে। অন্য গাছ যখন নতুন পাতা মেলে, শিমুল তখন প্রায় নিরাবরণ। পাতা ঝরিয়ে খালি ডালে ফুল ফোটায় সে। এই নগ্ন ডালের ওপর রক্তলাল ফুলের বিস্ফোরণ দৃশ্যটি একই সঙ্গে সাহসী ও সৌন্দর্যময়। কিছুদিন পর সেই লাল রঙ ম্লান হয়ে আসে, ফুল শুকিয়ে সাদা-ধূসর তুলায় রূপ নেয়। বাতাসে ভেসে যায় শিমুলের তুলা গ্রামের আকাশে ভেসে বেড়ায় ছোট ছোট মেঘের মতো। একসময় এই তুলা ছিল গ্রামের অর্থনীতির অংশ। শিশুরা কুড়িয়ে আনত, বড়রা বিক্রি করত। অনেক পরিবার নিজের গাছের তুলা দিয়ে বানাত লেপ, তাষক, বালিশ। শীতের রাতে সেই লেপের উষ্ণতায় থাকত শিমুলেরই স্পর্শ। শিমুল শুধু বসন্তের রূপসী নয়, সে ছিল উপকারি, ঔষধি গুণসম্পন্ন ও অর্থনৈতিকভাবে মূল্যবান একটি গাছ। কিন্তু কালের বিবর্তনে এই চিরচেনা দৃশ্য ক্রমেই বিরল হয়ে উঠছে। এখন আর খুব একটা শিমুলগাছ রোপণ করতে দেখা যায় না। নতুন প্রজন্মের কাছে এটি যেন কেবল স্মৃতির গাছ। জমির চাহিদা, দ্রুত ফলনশীল গাছের প্রতি আগ্রহ, নগরায়ণের চাপ সব মিলিয়ে শিমুল ধীরে ধীরে সরে যাচ্ছে গ্রামবাংলার বুক থেকে। যে গাছ এক সময় ফাগুনের আগমনী বার্তা দিত, আজ সে নিজেই বিলুপ্তির পথে। তবু যেখানে আছে, সেখানে সে আজও সমান উজ্জ্বল। বসন্তের সকালে রক্তলাল শিমুলের দিকে তাকালে মনে হয় প্রকৃতি এখনো বেঁচে আছে, এখনো জেগে ওঠার শক্তি রাখে। এই ফুল দীর্ঘ নীরবতার পরেও জ্বলে ওঠা যায়, শূন্য ডালেও রং ছড়ানো যায়। যশোরের মেঠোপথ, বাওড়ের ধারে কিংবা গ্রামের নির্জন প্রান্তে দাঁড়িয়ে থাকা একটি সময়ের সাক্ষী, স্মৃতির বাহক, গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। ফাগুনের আগুনরঙা এই দূত আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতিকে বাঁচাতে হলে তার সঙ্গে সম্পর্কও বাঁচিয়ে রাখতে হবে। না হলে একদিন হয়তো বসন্ত আসবে, কিন্তু শিমুলের লাল আগুন আর দেখা যাবে না।

গ্রামবাংলার হারিয়ে যাওয়া এক রাজকীয় ঐতিহ্য

গ্রামবাংলার হারিয়ে যাওয়া এক রাজকীয় ঐতিহ্য

একসময় গ্রামবাংলার পথঘাট মানেই ছিল মানুষের কোলাহল, ঢোলের শব্দ আর বেহারাদের ছন্দময় হাঁক, ‘হুনহুনা হুনহুনা’এই ডাকের সঙ্গে সঙ্গে দুলে দুলে এগিয়ে যেত পালকি। পালকির ভেতরে বসে লাজুক নববধূ, আর চারপাশে কৌতূহলী মানুষের ভিড় ছিল বাঙালির সামাজিক জীবনের এক অনন্য চিত্র। আজ সেই পালকি আর নেই বললেই চলে। সময়ের স্রোতে, প্রযুক্তির দাপটে, উন্নত যোগাযোগ ব্যবস্থার ভিড়ে হারিয়ে যেতে বসেছে বাঙালি ঐতিহ্যের এই রাজকীয় বাহন। গ্রামবাংলায় একসময় বিয়ে, পারিবারিক অনুষ্ঠান কিংবা দূরযাত্রা। সবখানেই পালকি ছিল অপরিহার্য। পালকি শুধু যাতায়াতের বাহন ছিল না; এটি ছিল মর্যাদা, সম্মান ও সামাজিক অবস্থানের প্রতীক। বিশেষ করে নারীদের জীবনে পালকির গুরুত্ব ছিল আলাদা। বিয়ের দিনে পালকিতে চড়ে শ্বশুরবাড়ি যাওয়া ছিল প্রতিটি বধূর কল্পনার অংশ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত তার ‘পালকির গান’ এ এই ঐতিহ্যকে অমর করে রেখেছেন। কবিতার ছন্দে, শব্দের ঝংকারে আজও ভেসে ওঠে সেই হারানো সময়। পালকি সাধারণত তিন ধরনের হতো। যেমন, সাধারণ পালকি, আয়না পালকি ও ময়ূরপঙ্খী পালকি। কাঠের তৈরি এই বাহনগুলোতে থাকত বাহারি কারুকাজ। পাখি, লতাপাতা, ফুল আর নানা নকশায় সাজানো পালকি ছিল যেন চলমান শিল্পকর্ম। ময়ূরপঙ্খী পালকির ভেতরে থাকত পালঙ্কের মতো আরামদায়ক আসন। আয়না পালকিতে বসানো থাকত চকচকে আয়না। এসব পালকি বহন করত চার থেকে ছয়জন শক্তপোক্ত বেয়ারা। তাদের কাঁধে ভর করে ঘণ্টার পর ঘণ্টা পথ চলত পালকি। মানুষের শক্তিই ছিল এর একমাত্র চালিকাশক্তি। পালকি কেবল বাহন নয়, গ্রামবাংলার সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল। বেয়ারাদের হাঁক শুনে বাড়ির উঠানে জড়ো হতো নারী-পুরুষ, শিশু-কিশোর সবাই। হাসি, গল্প, কৌতুক আর কৌতূহলে মুখর হয়ে উঠত পুরো এলাকা। মুসলিম সমাজে পালকি ছিল নারীদের পর্দা রক্ষার নিরাপদ বাহন। হিন্দু সমাজেও বউ-মেয়েদের যাতায়াতে পালকির প্রচলন ছিল ব্যাপক। বিত্তবান পরিবারগুলোর নিজস্ব পালকি ও বেয়ারা থাকলেও সাধারণ মানুষ ভাড়ায় পালকি ব্যবহার করত। ইতিহাস থেকে জানা যায়, মোঘল ও পাঠান আমলে রাজা-বাদশা, বেগম ও শাহজাদীদের প্রধান বাহন ছিল পালকি। বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তাঁর ভ্রমণকালে পালকি ব্যবহারের কথা উল্লেখ করেছেন বলে জানা যায়। তবে ঊনবিংশ শতাব্দীতে স্টিমার ও রেলগাড়ির প্রচলন এবং পরবর্তীতে সড়ক যোগাযোগের উন্নয়নের ফলে পালকির গুরুত্ব কমতে থাকে। ১৯৩০-এর দশকে রিকশার আগমনে শহরাঞ্চলে পালকি প্রায় বিলুপ্ত হয়ে যায়। আজ রাজা নেই, বাদশা নেই, নেই সেই বেয়ারাদের হাঁক। আধুনিক জীবনের ব্যস্ততায় পালকি এখন শুধুই স্মৃতি। যদিও কেউ কেউ বিয়েতে নতুনত্ব আনতে বা নাটক-সিনেমার প্রয়োজনে পালকির ব্যবহার করছেন, তবু সেই প্রাণ, সেই আবহ আর ফিরে আসে না। সমাজসেবীরা মনে করেন, পালকি সংরক্ষণ করা না গেলে একদিন এটি শুধু জাদুঘরের প্রদর্শনী বা বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকবে। তখন নতুন প্রজন্মকে গ্রামবাংলার এই ঐতিহ্য দেখতে যেতে হবে লোকজ শিল্প জাদুঘরে। কৃত্রিম আলোয় সাজানো এক নিস্তব্ধ পালকির সামনে দাঁড়িয়ে। পালকি হারিয়ে যাওয়া মানে শুধু একটি বাহনের বিলুপ্তি নয়; হারিয়ে যাওয়া মানে একটি সময়, একটি সংস্কৃতি, একটি জীবনধারা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে এগোতে গিয়েও যদি আমরা আমাদের শিকড় ভুলে যাই, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না। পালকি তাই শুধু অতীত নয়, এটি বাঙালির পরিচয়ের নীরব সাক্ষী।