ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

রাজস্ব

অনলাইনে রিটার্ন দাখিল ৪০ লাখ ছাড়িয়েছে

অনলাইনে রিটার্ন দাখিল ৪০ লাখ ছাড়িয়েছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সার্ভারে নিবন্ধন করা ৫০ লাখ গ্রাহকের মধ্যে ইতোমধ্যে ৪০ লাখ দাখিল করা হয়েছে। এর মধ্যে পুরুষ দাখিলকারী ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন এবং নারী ১১ লাখ ৩৬ হাজার ৩ জন। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এনবিআর।  বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধির মাধ্যমে রিটার্ন দাখিল এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ব্যতীত সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে সরকার। গত বছরের ৪ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করেছেন এবং ৪০ লাখের বেশি করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল করেছেন। এর মধ্যে বাড়ি ভাড়া খাতে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৭৫৪ জন এবং নারী করদাতা ৮৪ হাজার ৪৭৭ জন। এ ছাড়া করযোগ্য সীমার নিচে আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতা ১৪ লাখ ৩৫ হাজার ৬৩০ এবং নারী করদাতা ৭ লাখ ৬৫ হাজার ১৯৭ জন। দাখিলকারীদের মধ্যে ৫ লাখ টাকার বেশি কিন্তু ১০ লাখ টাকার কম আয় এমন পুরুষ করদাতার সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৯৫৪ জন এবং নারী ১ লাখ ৯৩ হাজার ৮৩৭ জন। আবার ১০ লাখ টাকার বেশি কিন্তু ২০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ করদাতা ১ লাখ ৬৪ হাজার ৯৮৩ জন এবং নারী করদাতা ৪৭ হাজার ৫৩২ জন। করদাতাদের মধ্যে ২০ লাখ টাকার বেশি কিন্তু ৪০ লাখ টাকার কম আয় দেখিয়েছেন এমন পুরুষ সংখ্যা ৫৪ হাজার ২১২ জন এবং নারী করদাতার সংখ্যা ১১ হাজার ৪৫৫ জন এবং ৪০ লাখ টাকার বেশি  আয় এমন পুরুষ করদাতার সংখ্যা ২৯ হাজার ৮০ জন এবং নারী করদাতা ৫ হাজার ১১৭ জন।  এ ছাড়া সম্পদের পরিমাণ সারচার্জ আরোপযোগ্য হওয়ায় ৩৯ হাজার ৩৬৩ জন পুরুষ এবং ১১ হাজার ৬৫ জন নারী করদাতা সারচার্জ পরিশোধ করেছেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের ক্ষেত্রে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তাঁরা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয় পত্র নম্বর, ই-মেইল এড্রেস ইত্যাদি তথ্য বৎবঃঁৎহ@বঃধীহনৎ.মড়া.নফ ই-মেইলে প্রেরণপূর্বক আবেদন করলে আবেদনকারীর ই-মেইলে ওয়ানটাইম পাসওয়ার্ড (ওটিপি) এবং রেজিস্ট্রেশন লিঙ্ক প্রেরণ করা হচ্ছে। এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতারাও ই-মেইলে ওটিপি সংগ্রহ করত সহজেই অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন। তা ছাড়া, করদাতার পক্ষে তাঁদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরাও এ বছর অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে পারছেন। এতে বলা হয়, কোনরূপ কাগজপত্র বা দলিলাদি আপলোড না করে করদাতারা তাঁদের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের প্রকৃত তথ্য ই-রিটার্ন সিস্টেমে যুক্ত করে সহজে ঝামেলাহীনভাবে ঘরে বসেই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং অথবা মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। এ ছাড়া তাৎক্ষণিকভাবে নিজেই স্বয়ংক্রিয়ভাবে ই-রিটার্ন দাখিলের প্রাপ্তিস্বীকার পত্র (অ্যাকনলেজমেন্ট স্লিপ) এবং স্বয়ংক্রিয়ভাবে আয়কর সনদ প্রিন্ট নিতে পারেন।

সর্বশেষ

জনপ্রিয়