ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

খেলা বিভাগের সব খবর

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, ইংল্যান্ডের মুখোমুখি

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা, ইংল্যান্ডের মুখোমুখি

 হুলিয়ান আলভারেজের দুর্দান্ত দূরপাল্লার গোলে নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ মুহূর্তে লাউতারো মার্তিনেজ আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানের জয়টি স্বস্তিদায়ক দেখালেও পুরো ম্যাচজুড়ে সুইজারল্যান্ড কঠিন প্রতিরোধ গড়ে তোলে। ম্যাচের শুরুতেই লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে আলেক্সিস মাক আলিস্টার গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন। তবে দ্বিতীয়ার্ধে দান এনদোয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। এরপর অতিরিক্ত সময়ে আলভারেজের অসাধারণ গোল এবং যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোল আর্জেন্টিনার জয় নিশ্চিত করে। আগামী বুধবার আটলান্টায় অনুষ্ঠিতব্য সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। এই ম্যাচে লিওনেল মেসির টানা নয় বিশ্বকাপ ম্যাচে গোল করার ধারার সমাপ্তি ঘটলেও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন অক্ষুণ্ন রয়েছে। ম্যাচের ৬৭তম মিনিটে দান এনদোয়ে সমতাসূচক গোল করার পর একটি বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ব্রিল এমবোলোর ওপর ট্যাকলের ঘটনায় প্রথমে লিয়ান্দ্রো পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পর্যালোচনায় দেখা যায়, পারেদেসের সংস্পর্শে আসার আগেই এমবোলো পড়ে গিয়েছিলেন। এরপর সিদ্ধান্ত সংশোধন করে আগেই হলুদ কার্ড দেখা এমবোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হয়। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় সুইজারল্যান্ডকে। চলতি বিশ্বকাপে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে ভিডিও পর্যালোচনার মাধ্যমে ভুল খেলোয়াড়কে কার্ড দেখানোর সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। নিয়ম অনুযায়ী, হলুদ বা লাল কার্ড ভুল খেলোয়াড়কে দেখানো হলে ভিএআর সেই সিদ্ধান্ত সংশোধনের সুযোগ পায়। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালুর পর এই প্রথম শীর্ষ চার র‌্যাঙ্কিংধারী দল একসঙ্গে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল।

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন

শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে বিদায়, সেমিফাইনালে স্পেন

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলের জয়ের নায়ক হয়েছেন মিকেল মেরিনো। তার ৮৮তম মিনিটের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে লা রোজা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দীর্ঘ সময় ১-১ সমতায় ছিল। অতিরিক্ত সময়ের দিকে এগোতে থাকা ম্যাচে ৮৬তম মিনিটে দানি ওলমোর বদলি হিসেবে মাঠে নামেন মেরিনো। মাত্র দুই মিনিট পরই জয়সূচক গোল করে স্পেনকে উল্লাসে ভাসান তিনি। গোলটির পেছনে বড় ভূমিকা ছিল বেলজিয়ামের বদলি গোলরক্ষক সেনে লামেন্সের ভুলের। পাউ কুবারসির নিচু শট তিনি ঠেকাতে পারলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়ে জালে বল জড়িয়ে দেন মেরিনো। এই জয়ে আগামী মঙ্গলবার ডালাসে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। বলের দখলে এগিয়ে থাকা স্পেন ৩০তম মিনিটে ফাবিয়ান রুইজের নিখুঁত ফিনিশিংয়ে এগিয়ে যায়। কোচ লুইস দে লা ফুয়েন্তের আস্থার প্রতিদান দিয়ে দুর্দান্ত গোল করেন এই মিডফিল্ডার। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সমতায় ফেরে বেলজিয়াম। ৪১তম মিনিটে চার্লস ডি কেটেলারারের দারুণ হেডে ১-১ হয় ম্যাচ। এই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো স্পেনের জালে বল জড়ায় কোনো প্রতিপক্ষ। দ্বিতীয়ার্ধে দুই দলই একাধিক সুযোগ সৃষ্টি করলেও গোলের দেখা পাচ্ছিল না। ৭২তম মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। চিকিৎসার পরও খেলা চালিয়ে যেতে না পেরে আবেগাপ্লুত অবস্থায় মাঠ ত্যাগ করেন তিনি। তার পরিবর্তে নামা সেনে লামেন্স শুরুতে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে লড়াইয়ে রাখলেও শেষ মুহূর্তের একটি ভুলেই বেলজিয়ামের স্বপ্ন ভেঙে যায়। বিশ্বকাপসহ বড় আসরগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে আগেও নিজের কার্যকারিতা দেখিয়েছেন মিকেল মেরিনো। এবারও শেষ মুহূর্তের গোল করে স্পেনকে সেমিফাইনালে তুলে সেই ধারাবাহিকতা বজায় রাখলেন তিনি। অন্যদিকে, রোমেলু লুকাকুকে ঘিরে বেলজিয়ামের যে প্রত্যাশা ছিল, তার প্রতিফলন দেখা যায়নি। বেঞ্চ থেকে নেমেও ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি এই তারকা ফরোয়ার্ড। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইয়ে জয় তুলে নিয়ে বিশ্বকাপের শিরোপার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল স্পেন। আর শেষ মুহূর্তের হতাশা নিয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো

মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে ফ্রান্স। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে মরক্কোকে ২-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় ফ্রান্স। তবে মরক্কোর দৃঢ় রক্ষণ এবং গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত নৈপুণ্যে বারবার হতাশ হন কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলেরা। ২৮তম মিনিটে এগিয়ে যাওয়ার সোনালি সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি ফ্রান্স। পেনাল্টি থেকে নেওয়া এমবাপের দুর্বল শট সহজেই ঠেকিয়ে দেন বুনু। এরপর প্রথমার্ধে আর কোনো দল গোলের দেখা না পাওয়ায় বিরতিতে ০-০ সমতায় মাঠ ছাড়ে দুই দল। বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। পাল্টা আক্রমণে মরক্কো কয়েকটি সুযোগ তৈরি করলেও দুর্বল ফিনিশিংয়ের কারণে সফল হতে পারেনি। উল্টো ৬০তম মিনিটে জট ভাঙেন এমবাপে। বাম প্রান্ত থেকে বল নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ কার্লিং শটে জাল খুঁজে নেন তিনি। পেনাল্টি মিসের হতাশাও মুহূর্তেই ভুলে যান এই গোলে। গোল হজমের ছয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। ৬৬তম মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে এগিয়ে এসে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন উসমান দেম্বেলে। বুনু বল স্পর্শ করলেও তা রুখতে পারেননি। দুই গোল পিছিয়ে পড়ে মরক্কো আক্রমণের তীব্রতা বাড়ালেও ফরাসি রক্ষণ তাদের তেমন সুযোগ দেয়নি। শেষদিকে আশরাফ হাকিমি, আজেদিন উনাহি ও এল আয়নাউই গোলের চেষ্টা করলেও সফল হননি। একবার ফরাসি গোলরক্ষক মাইক মেনিয়াঁর দুর্দান্ত সেভ এবং আরেকবার হেড সাইড নেটে লাগায় ব্যবধান আর কমানো সম্ভব হয়নি। এই জয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠল ফ্রান্স। অন্যদিকে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর স্বপ্ন থেমে গেল শেষ আটেই। এদিন গোল করে টুর্নামেন্টে নিজের অষ্টম গোল পূর্ণ করেন কিলিয়ান এমবাপে। তৃতীয় বিশ্বকাপ খেলতে নেমেই তিনি বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এবারের আসরে আট গোল নিয়ে তিনি গোলদাতার তালিকায় লিওনেল মেসির সমতায় রয়েছেন। সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী দল।

অবিশ্বাস্য নাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

অবিশ্বাস্য নাটকীয় ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ বত্রিশের রুদ্ধশ্বাস লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মায়ামি স্টেডিয়ামে ম্যাচের ২৯তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত লম্বা পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত ফিনিশে গোল করেন অধিনায়ক। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ায় ২০-এ। পাশাপাশি টানা বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও বাড়িয়ে ৮ ম্যাচে নিয়ে যান তিনি। দ্বিতীয়ার্ধের ৫৯তম মিনিটে রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরয় দুয়ার্তের দারুণ শটে সমতায় ফেরে কেপ ভার্দে। নির্ধারিত সময় ও যোগ করা সময় শেষে ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের অসাধারণ বাঁকানো শটে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ১০৩তম মিনিটে ফুল-ব্যাক সিডনি কাবরালের দুর্দান্ত গোল ম্যাচে ফের সমতা আনে কেপ ভার্দে। শেষ পর্যন্ত ১১১তম মিনিটে আসে ম্যাচের নিষ্পত্তি। লিওনেল মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার দিনেই বোরজেসের গায়ে লেগে জালে জড়ায়। আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত হওয়া ওই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা এবং শেষ ষোলোয় জায়গা করে নেয়।

রোমাঞ্চিত সানজিদা

রোমাঞ্চিত সানজিদা

কোচ পিটার বাটলারের সঙ্গে দ্বন্দ্বের কারণে আপাতত জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না সানজিদা আক্তার। তাই ঘরোয়া টুর্নামেন্ট ও বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগই এখন তার প্রধান ভরসা। সেই ধারাবাহিকতায় ভারত ও ভুটানের পর এবার নেপালের নারী ফুটবল লিগে খেলতে গেলেন বাংলাদেশের সাফজয়ী ফুটবলার।  ললিতপুরের ক্লাব জাপা এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সানজিদা। নতুন দলের হয়ে খেলতে বুধবার কাঠমান্ডু পৌঁছেছেন,‘ভুটান ও ভারতের লিগে খেলেছি। নেপালের লিগে খেলার এই প্রথম অভিজ্ঞতা হবে। ভুটানের চেয়ে নেপালের লিগে পারিশ্রমিক একটু বেশি। আশা করি, নিজে ভালো পারফরম্যান্স করে দলকে সাফল্য এনে দিতে পারব।’  দেশ ছাড়ার আগে বলছিলেন সানজিদা। এর আগে তিনি ভারতের আইডব্লিউএল ও ভুটানের ঘরোয়া লিগে খেলেছেন। নতুন এই লিগ নিয়ে বেশ রোমাঞ্চিত সানজিদা। আর্থিক দিক থেকেও নেপালের লিগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। তার ভাষ্য, ভুটানের তুলনায় নেপালের লিগে পারিশ্রমিক কিছুটা বেশি। একসময় বাংলাদেশ জাতীয় নারী দলের মাঝমাঠের অন্যতম ভরসা ছিলেন সানজিদা। তবে কোচের সঙ্গে বিরোধের পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলে না থাকায় নিজের ফর্ম ও ফিটনেস ধরে রাখতে বিদেশি লিগেই বেশি মনোযোগ দিচ্ছেন এই ফুটবলার। সানজিদা বাংলাদেশ নারী ফুটবল দলে এক সময় নির্ভরযোগ্য ফুটবলার ছিলেন। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে বিরাগভাজন হন।

দেশের জন্য ঈদ উৎসর্গ ফুটবলারদের

দেশের জন্য ঈদ উৎসর্গ ফুটবলারদের

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এবারের ঈদ সন্নিকটে, দুয়ারে কড়া নাড়ছে। পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করতে শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছেন মানুষ। এই সময়ে পরিবারের বাইরেই থাকতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের। কেননা এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের দেশ। এর আগে ২৬ মার্চ প্রীতি ম্যাচ খেলবে ভিয়েতনামের বিরুদ্ধে। ম্যাচ দুটি সামনে রেখে ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। আর  সেরা প্রস্তুতির লক্ষ্যে ঈদের ছুটি কাটাচ্ছেন না ফুটবলাররা। ক্যাম্পেই ঈদ করবেন জামাল ভূঁইয়া-শেখ মোরসালিনরা।  এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপে পাঁচ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে আছে বাংলাদেশ। নিজেরা সিঙ্গাপুরকে হারালে এবং ভারতের কাছে যদি হংকং পরাজিত হয়, তাহলে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে লাল-সবুজদের। ম্যাচটি সিঙ্গাপুরের মাঠে বলেই আশাবাদী বাংলাদেশ। সেই আশার মূলেই রয়েছে প্রতিযোগিতায় অ্যাওয়েতে দলের ফলাফল। প্রথমে ভারত ও পরে হংকংয়ের মাঠে গিয়ে ড্র করেছে বাংলাদেশ। এ দুটি ম্যাচের ফলাফলকে সিঙ্গাপুরে ম্যাচে প্রেরণা হিসেবে নিচ্ছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।

হতাশ নেইমার

হতাশ নেইমার

আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আগামী ১১ জুন অনুষ্ঠিত হবে ২৩তম আসরের উদ্বোধনী ম্যাচ। তার আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কোচ কার্লো আনচেলত্তি। তবে এই তালিকায় রাখা হয়নি দেশটির ইতিহাসে জাতীয় দলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রকে। দল ঘোষণার পর সাও পাওলোতে একটি ম্যাচ চলাকালীন মাইক্রোফোন হাতে নিজের অবস্থান পরিষ্কার করেন নেইমার। তিনি বলেন, ‘আমি আজ কথা বলব, কারণ আমি আর চুপ থাকতে পারছি না। এটা স্বাভাবিক যে, দলে সুযোগ না হওয়ায় আমি হতাশ ও ব্যথিত।’ তবে বাদ পড়লেও ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্ন যে এখনো ফিকে হয়ে যায়নি, সেটিও স্পষ্ট করে দিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘লক্ষ্য এখনো অটুট আছে। প্রতিদিনের অনুশীলন আর প্রতিটি ম্যাচ ধরে এগোচ্ছি। আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবই। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা এখনো বাকি।’ মাঠে নামার জন্য নেইমার ব্যাকুল হলেও কোচ আনচেলত্তি সাফ জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র নামের ভারে কাউকে দলে নেবেন না তিনি। সান্তোসের হয়ে গত দুই ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করলেও কোচের চোখে নেইমার এখনো পুরোপুরি ফিট নন। ইতালিয়ান এই কোচ বলেন, ‘আমি কেন তাকে ডাকিনি? কারণ সে এখনো ১০০ শতাংশ ফিট নয়। আমার এমন খেলোয়াড় প্রয়োজন যারা শারীরিক ও মানসিকভাবে পূর্ণ সক্ষম।’ তবে ৩৪ বছর বয়সী এই তারকার বিশ্বকাপ দলে ফেরার দরজা এখনো বন্ধ হয়নি বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

দাপুটে জয়ে সিরিজে সমতায় নিউজিল্যান্ড

দাপুটে জয়ে সিরিজে সমতায় নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে টি২০ সিরিজে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের দায়িত্বশীল ব্যাটিং ও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৬৮ রানের বড় ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ১-১ সমতায় কিউইরা। মঙ্গলবার সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলায় ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। রান তাড়ায় ১৫.৩ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ৪৯ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কনওয়ে। ইনিংসের বিভিন্ন সময়ে উইকেট হারালেও ডেভন কনওয়ে একপ্রান্ত আগলে রেখে ৬০ রানের কার্যকর ইনিংস খেলেন। পাওয়ারপ্লেতে টম ল্যাথাম দ্রুত কিছু রান তুলে দলকে ভালো সূচনা এনে দেন, যদিও বড় ইনিংস খেলতে পারেননি। এরপর নিক কেলি ও মিচেল স্যান্টনার দুজনই সম্ভাবনা জাগিয়েও সেটিকে বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হন। শেষদিকে জশ ক্লার্কসনের ৯ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিও নিউজিল্যান্ডকে শক্ত  ভিত গড়ে দেয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন উইয়ান মুল্ডার। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের পেসাররা উইকেটের অনিয়মিত বাউন্স ও গতিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের একেবারে অস্বস্তিতে ফেলে দেন। বেন সিয়ার্স ও লকি ফার্গুসন আগ্রাসী বোলিংয়ে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচ একপেশে করে দেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে, বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতায় তারা ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি। মাত্র ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা।

ফাইনালে অস্ট্র্রেলিয়া

ফাইনালে অস্ট্র্রেলিয়া

চলমান এশিয়ান কাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া নারী ফুটবল দল। মঙ্গলবার পার্থে স্বাগতিকরা সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে এই শিরোপা লড়াইয়ের টিকিট কেটেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে অজিদের হয়ে জয়সূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড স্যাম কার। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় থাকার পর ৫৮তম মিনিটে স্যাম কারের গোলে জয় নিশ্চিত হয়। অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে অস্ট্রেলিয়া। ১৭তম মিনিটে ক্যাটলিন ফোর্ড গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেরি ফাউলার। তবে অস্ট্রেলিয়ার এই লিড বেশিক্ষণ টেকেনি। কিছুক্ষণ পরই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় চীন। ঝাং লিনিয়ান গোলটি করেন। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের জন্য লড়াই চালায়। ম্যাচের ৫৮তম মিনিটে ফোর্ডের পাস থেকে দারুণ দক্ষতায় গোল করেন তারকা ফরোয়ার্ড স্যাম কার। সংকীর্ণ কোণ থেকেও তার নেওয়া শটটি ছিল অসাধারণ। এরপর ম্যাচের বাকি সময়ে অস্ট্রেলিয়া দারুণভাবে রক্ষণ সামলায় এবং নয়বারের চ্যাম্পিয়ন চীনকে পাত্তাই দেয়নি। কোচ জো মন্টেমুরো তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া শুরু থেকেই দুর্দান্ত খেলছে। ‘এ’-গ্রুপ থেকে ৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে ওঠে। প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ইরানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অজিরা। এই পর্বে শুধু মাত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করে দলটি।

বার্সা-লিভারপুলের অগ্নিপরীক্ষা

বার্সা-লিভারপুলের অগ্নিপরীক্ষা

চলমান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তুরস্কের গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরেছিল ইংল্যান্ডের ক্লাব লিভারপুল এফসি। অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠ সেন্ট জেমস পার্কে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বড় জয়ের বিকল্প নেই বার্সা-লিভারপুলের। অগ্নিপরীক্ষার এই ম্যাচে আজ প্রথম ম্যাচে কাতালানরা ঘরের মাঠ ক্যাম্প ন্যু-এ রাত ১১টা ৪৫ মিনিটে নিউক্যাসলকে মোকাবিলা করবে। অ্যানফিল্ডে দিবাগত রাত দুইটায় গালাতাসারাইকে আতিথিয়েতা  দেবে লিভারপুল। নিউক্যাসলের সঙ্গে প্রথম লেগে ড্র করলেও বার্সার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক নিজেই স্বীকার করেছেন যে, তার দল ভালো খেলেনি। তিনি তার খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন, টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে হলে তাদের আরও অনেক ভালো খেলতে হবে। তাই কাতালান জায়ান্টরা দ্বিতীয় লেগে গোল করার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবে। কারণ তাদের শেষ ২৯টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে গোল করতে ব্যর্থ হয়েছে। ঘরের মাঠে লিগ পর্বের পঞ্চম ম্যাচে চেলসির বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল তারা। তবে, রক্ষণভাগে ফ্লিকের শিষ্যরা ততটা শক্তিশালী নয়, কারণ এই প্রতিযোগিতায় তাদের শেষ ১২টি ম্যাচের কোনোটিতেই তারা ক্লিন শিট রাখতে পারেনি। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বার্সেলোনার ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় নকআউট পর্বে এক অসাধারণ রেকর্ড রয়েছে। তারা উয়েফা লিগের ২৯টি দুই লেগের টাইয়ের মধ্যে ২৩টিতেই জিতেছে, যেখানে প্রথম লেগ প্রতিপক্ষের মাঠে ড্র হয়েছিল। এর মধ্যে ১৪টির মধ্যে ১১টিতেই তারা জিতেছে, যখন প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। এছাড়াও, বার্সা ইংলিশ প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের আগের পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রতিটি ম্যাচেই জয়লাভ করেছে।