ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

খেলা বিভাগের সব খবর

দাপুটে জয়ে সিরিজে সমতায় নিউজিল্যান্ড

দাপুটে জয়ে সিরিজে সমতায় নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে টি২০ সিরিজে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের দায়িত্বশীল ব্যাটিং ও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৬৮ রানের বড় ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ১-১ সমতায় কিউইরা। মঙ্গলবার সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলায় ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। রান তাড়ায় ১৫.৩ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ৪৯ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কনওয়ে। ইনিংসের বিভিন্ন সময়ে উইকেট হারালেও ডেভন কনওয়ে একপ্রান্ত আগলে রেখে ৬০ রানের কার্যকর ইনিংস খেলেন। পাওয়ারপ্লেতে টম ল্যাথাম দ্রুত কিছু রান তুলে দলকে ভালো সূচনা এনে দেন, যদিও বড় ইনিংস খেলতে পারেননি। এরপর নিক কেলি ও মিচেল স্যান্টনার দুজনই সম্ভাবনা জাগিয়েও সেটিকে বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হন। শেষদিকে জশ ক্লার্কসনের ৯ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিও নিউজিল্যান্ডকে শক্ত  ভিত গড়ে দেয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন উইয়ান মুল্ডার। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার। রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের পেসাররা উইকেটের অনিয়মিত বাউন্স ও গতিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের একেবারে অস্বস্তিতে ফেলে দেন। বেন সিয়ার্স ও লকি ফার্গুসন আগ্রাসী বোলিংয়ে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচ একপেশে করে দেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে, বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতায় তারা ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি। মাত্র ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা।

ফাইনালে অস্ট্র্রেলিয়া

ফাইনালে অস্ট্র্রেলিয়া

চলমান এশিয়ান কাপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া নারী ফুটবল দল। মঙ্গলবার পার্থে স্বাগতিকরা সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চীন নারী ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে এই শিরোপা লড়াইয়ের টিকিট কেটেছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে অজিদের হয়ে জয়সূচক গোলটি করেন তারকা ফরোয়ার্ড স্যাম কার। প্রথমার্ধ ১-১ গোলে সমতায় থাকার পর ৫৮তম মিনিটে স্যাম কারের গোলে জয় নিশ্চিত হয়। অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলতে থাকে অস্ট্রেলিয়া। ১৭তম মিনিটে ক্যাটলিন ফোর্ড গোল করে দলকে এগিয়ে দেন। এই গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেরি ফাউলার। তবে অস্ট্রেলিয়ার এই লিড বেশিক্ষণ টেকেনি। কিছুক্ষণ পরই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরায় চীন। ঝাং লিনিয়ান গোলটি করেন। প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের জন্য লড়াই চালায়। ম্যাচের ৫৮তম মিনিটে ফোর্ডের পাস থেকে দারুণ দক্ষতায় গোল করেন তারকা ফরোয়ার্ড স্যাম কার। সংকীর্ণ কোণ থেকেও তার নেওয়া শটটি ছিল অসাধারণ। এরপর ম্যাচের বাকি সময়ে অস্ট্রেলিয়া দারুণভাবে রক্ষণ সামলায় এবং নয়বারের চ্যাম্পিয়ন চীনকে পাত্তাই দেয়নি। কোচ জো মন্টেমুরো তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। এই টুর্নামেন্টে অস্ট্রেলিয়া শুরু থেকেই দুর্দান্ত খেলছে। ‘এ’-গ্রুপ থেকে ৩ ম্যাচে দুটি জয় ও একটি ড্র করে ৭ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে ওঠে। প্রথম ম্যাচে ফিলিপাইনকে ১-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে ইরানকে ৪-০ গোলে উড়িয়ে দেয় অজিরা। এই পর্বে শুধু মাত্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৩-৩ ব্যবধানে ড্র করে দলটি।

বার্সা-লিভারপুলের অগ্নিপরীক্ষা

বার্সা-লিভারপুলের অগ্নিপরীক্ষা

চলমান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে তুরস্কের গালাতাসারাইয়ের কাছে ১-০ গোলে হেরেছিল ইংল্যান্ডের ক্লাব লিভারপুল এফসি। অন্য ম্যাচে প্রতিপক্ষের মাঠ সেন্ট জেমস পার্কে ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তাই শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বড় জয়ের বিকল্প নেই বার্সা-লিভারপুলের। অগ্নিপরীক্ষার এই ম্যাচে আজ প্রথম ম্যাচে কাতালানরা ঘরের মাঠ ক্যাম্প ন্যু-এ রাত ১১টা ৪৫ মিনিটে নিউক্যাসলকে মোকাবিলা করবে। অ্যানফিল্ডে দিবাগত রাত দুইটায় গালাতাসারাইকে আতিথিয়েতা  দেবে লিভারপুল। নিউক্যাসলের সঙ্গে প্রথম লেগে ড্র করলেও বার্সার প্রধান কোচ হ্যান্সি ফ্লিক নিজেই স্বীকার করেছেন যে, তার দল ভালো খেলেনি। তিনি তার খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়েছেন, টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছাতে হলে তাদের আরও অনেক ভালো খেলতে হবে। তাই কাতালান জায়ান্টরা দ্বিতীয় লেগে গোল করার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবে। কারণ তাদের শেষ ২৯টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের মধ্যে মাত্র একটিতে গোল করতে ব্যর্থ হয়েছে। ঘরের মাঠে লিগ পর্বের পঞ্চম ম্যাচে চেলসির বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল তারা। তবে, রক্ষণভাগে ফ্লিকের শিষ্যরা ততটা শক্তিশালী নয়, কারণ এই প্রতিযোগিতায় তাদের শেষ ১২টি ম্যাচের কোনোটিতেই তারা ক্লিন শিট রাখতে পারেনি। পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বার্সেলোনার ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় নকআউট পর্বে এক অসাধারণ রেকর্ড রয়েছে। তারা উয়েফা লিগের ২৯টি দুই লেগের টাইয়ের মধ্যে ২৩টিতেই জিতেছে, যেখানে প্রথম লেগ প্রতিপক্ষের মাঠে ড্র হয়েছিল। এর মধ্যে ১৪টির মধ্যে ১১টিতেই তারা জিতেছে, যখন প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল। এছাড়াও, বার্সা ইংলিশ প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের আগের পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রতিটি ম্যাচেই জয়লাভ করেছে।

শুরুর অপেক্ষায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শুরুর অপেক্ষায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দেশের ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং তৃণমূল পর্যায় থেকে আগামীর খেলোয়াড় খুঁজে বের করতে দেশব্যাপী উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এই ইভেন্টের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা ক্রীড়া অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে মোট ৭টি জনপ্রিয় ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সিলেট থেকে এই যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। খেলাগুলো প্রথমে উপজেলা পর্যায়ে শুরু হবে। সেখান থেকে বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায় হয়ে সবশেষে জাতীয় পর্যায়ে অংশ নেবে। প্রতিমন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হচ্ছে। বাছাইকৃত খেলোয়াড়দের জন্য থাকছে সরকারি ক্রীড়া বৃত্তি। এছাড়া বিকেএসপি (ইকঝচ)-র মাধ্যমে তাদের উন্নত প্রশিক্ষণ, পড়াশোনা এবং সার্বিক দায়িত্ব গ্রহণ করবে সরকার। তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও কর্মঠ জাতি গঠনে এই উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, প্রতিবছর একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী এই প্রতিযোগিতা পরিচালিত হবে। চলতি বছরের এই আসর আগামী জুলাই মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার মাধ্যমে তৃণমূল পর্যন্ত ক্রীড়াকে ছড়িয়ে দেওয়া হবে। দল-মত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এই কর্মযজ্ঞ সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। পরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে তিনি রেফারিদের সরকারি সুুযোগ-সুবিধা ও সম্মানীর লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় আনার ঘোষণা দেন।

শুরুর অপেক্ষায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

শুরুর অপেক্ষায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দেশের ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং তৃণমূল পর্যায় থেকে আগামীর খেলোয়াড় খুঁজে বের করতে দেশব্যাপী উদ্যোগ নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’র আদলে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। এই ইভেন্টের সার্বিক প্রস্তুতি ও বাস্তবায়নে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে দেশের সকল জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা ক্রীড়া অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের নিয়ে মোট ৭টি জনপ্রিয় ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রাথমিকভাবে সিলেট থেকে এই যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। খেলাগুলো প্রথমে উপজেলা পর্যায়ে শুরু হবে। সেখান থেকে বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায় হয়ে সবশেষে জাতীয় পর্যায়ে অংশ নেবে। প্রতিমন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির মাধ্যমে ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হচ্ছে। বাছাইকৃত খেলোয়াড়দের জন্য থাকছে সরকারি ক্রীড়া বৃত্তি। এছাড়া বিকেএসপি  (BKSP)-র মাধ্যমে তাদের উন্নত প্রশিক্ষণ, পড়াশোনা এবং সার্বিক দায়িত্ব গ্রহণ করবে সরকার। তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে একটি সুস্থ ও কর্মঠ জাতি গঠনে এই উদ্যোগ মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, প্রতিবছর একটি নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী এই প্রতিযোগিতা পরিচালিত হবে। চলতি বছরের এই আসর আগামী জুলাই মাসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সারা বছর খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার মাধ্যমে তৃণমূল পর্যন্ত ক্রীড়াকে ছড়িয়ে দেওয়া হবে। দল-মত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এই কর্মযজ্ঞ সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। পরে ক্রীড়া প্রতিমন্ত্রী ঢাকা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে তিনি রেফারিদের সরকারি সুুযোগ-সুবিধা ও সম্মানীর লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের আওতায় আনার ঘোষণা দেন।

জাতীয় দলের ক্যাম্পে জামালরা

জাতীয় দলের ক্যাম্পে জামালরা

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের শেষ ম্যাচের জন্য রবিবার থেকে ক্যাম্প শুরু করেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। সোমবার সন্ধ্যায় ২৭ জন রিপোর্ট করেছেন ম্যানেজার আমের খানের কাছে। ঢাকার ক্যাম্পে ডাক পাওয়া ২৮ জনের মধ্যে সামিত সোমের গত রাতেই দেশে এসে পৌঁছানোর কথা। দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী যোগ দেবেন ভিয়েতনামের ক্যাম্পে। ঢাকা থেকে জাতীয় দল ভিয়েতনামে পৌঁছবে ২১ মার্চ। সেখানে ২৬ মার্চ ম্যাচ খেলে পরের দিন চলে যাবে সিঙ্গাপুর। এদিকে সব প্রচেষ্টার সফল পরিসমাপ্তি ঘটিয়ে দেশে পা রেখেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী দুই জমজ ভাইÑরোনান সুলিভান ও ডেক্লান সুলিভান। অনূর্ধ্ব–২০ সাফে খেলবেন তারা। গত মৌসুমে খেলোয়াড়ী জীবন থেকে অবসর নিয়ে জাতীয় দলের হয়ে কাজ করার আগ্রহের কথা জানিয়েছিলেন আশরাফুল ইসলাম রানা।

সাকিবকে নিয়ে সুখবর

সাকিবকে নিয়ে সুখবর

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা শোনা গেলেও বাস্তবে তা হয়নি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে নিয়ে সুখবর দিলেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। বললেন,‘সাকিবকে নিয়ে ইদানীং যেসব কার্যক্রম চলছে, বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে যে,আমরা সামনে কিছুদিনের মধ্যেই হয়ত দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’  ১৬ মাস ধরে বাংলাদেশ দলে খেলতে না পারলেও সাকিব বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ সময় বাইরে থাকা সাকিবকে দেশের ক্রিকেটে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় ২৪ জানুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায়। এমনকি নিউইয়র্কে কদিন আগে এক ইফতার অনুষ্ঠানেও সাকিব জানিয়েছেন, শীঘ্রই দেশে ফিরছেন তিনি। এই কথা বলার সময় তাঁকে বেশ আত্মবিশ্বাসীই দেখা গেছে।

ইতিহাসের পাতায় গুলের-ডোম্যান

ইতিহাসের পাতায় গুলের-ডোম্যান

আর্সেনালের জার্সিতে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে শুরুর একাদশে নেমেই রেকর্ড গড়েছিলেন ম্যাক্স ডোম্যান। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়ছেন তিনি। শনিবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে এভারটনকে ২-০ গোলে হারানোর ম্যাচে এই কীর্তি গড়েন তিনি। গোল করেছেন মাত্র ১৬ বছর ৭৩ দিন বয়সে। এতদিন পর্যন্ত প্রিমিয়ার লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড ছিল এভারটনের জেমস ভনের। ২০০৫ সালে তিনি ওই কীর্তি গড়েন ১৬ বছর ২৭০ দিন বয়সে। এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে শিরোপার আরও কাছে গেল গানার্সরা। অন্যদিকে সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ২১ বছর বয়সী তুর্কি মিডফিল্ডার আর্দা গুলের নিজের গোলপোস্টের কাছাকাছি থেকে শট নিয়ে বল জালে জড়িয়ে রিয়ালের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন। এই গোলের মাধ্যমে তিনি লা লিগার ইতিহাসে দূরতম দূরত্ব (৬৮ মিটার) থেকে গোল করার দীর্ঘ ২২ বছরের পুরনো এক রেকর্ড স্পর্শ করেছেন। ২০০৪ সালে আন্তোনিও জোসে নুমানসিয়ার হয়ে সেভিয়ার বিপক্ষে সমান দূরত্ব থেকে গোল করেছিলেন। এ ছাড়া ১৯৯৫ সালের পর রিয়ালের কোনো ফুটবলার এই প্রথম নিজেদের অর্ধ থেকে লা লিগায় গোল করলেন। সর্বশেষ অগাস্তিন লাসা ৫৮ মিটার থেকে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন, যা পেরিয়ে গেলেন গুলের। রিয়ালের বড় জয়ে গুলের ছাড়াও একটি করে গোল করেছেন আন্তোনিও রুডিগার, ফেদেরিকো ভালভের্দে ও ডিন হুইসেন। ৮৫ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে ব্যবধান কমায় এলচে। প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হলো ম্যানচেস্টার সিটির। এই ম্যাচে বার্নার্দো সিলভার গোলে মাত্র চার মিনিট লিড ধরে রেখেছিল ম্যানসিটি। কিন্তু আর্সেনালের সাবেক খেলোয়াড় কোন্সতান্তিনোস মাভারোপানোস ওয়েস্ট হ্যামের হয়ে সমতাসূচক গোলে সিটিকে ধাক্কা দেন। এখন শীর্ষ দুই দলের মধ্যে ব্যবধান ৯ পয়েন্টের। অবশ্য আর্সেনাল এক ম্যাচ বেশি খেলেছে। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট তাদের। লিগ মৌসুমের ৮ ম্যাচ হাতে রেখে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সিটি। এদিকে এভারটনের বিপক্ষে অসংখ্য আক্রমণ ও গোলের জন্য শট নিয়েও সফরকারীদের দেওয়াল ভাঙতে পারছিল না মিকেল আর্তেতার দল। ক্রমেই হতাশা ছড়িয়ে পড়ছিল আর্সেনালের গ্যালারিতে। শেষ মুহূর্তে নিজেদের অর্ধে বল পেয়ে দারুণ গতিতে ছুটে গিয়ে ফাঁকা জালে বল পাঠান ডোম্যান। এরপর আর্সেনালও সদলবলে তার কাছে ছুটে গিয়ে উৎসবে মাতে। প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় এরপর যথাক্রমে অবস্থান করছেন-জেমস মিলনার (১৬ বছর ৩৫৬ দিন, ২০০২ লিডস ইউনাইটেড), ওয়েইন রুনি (১৬ বছর ৩৬০ দিন, ২০০২ এভারটন), রিও এনগুমোহা (১৬ বছর ৩৬১ দিন, ২০২৫ লিভারপুল), সেস ফ্যাব্রেগাস (১৭ বছর ১১৩ দিন, ২০০৪ আর্সেনাল) ও মিচেল ওয়েন (১৭ বছর ১৪৩ দিন, ১৯৯৭ লিভারপুল। এই রেকর্ড গড়ার পর ডোম্যানকে প্রংশসা করতে ভোলেননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। তিনি বলেন, ‘এটি অভূতপূর্ব মুহূর্ত। ম্যাচের আগে আমরা কথা বলেছি, জয়ের জন্য ক্লান্তিহীন আকাক্সক্ষা ছিল এবং সেই পথ খুঁজছিলাম। খেলোয়াড়দের নিবেদন, যোগ্যতা এবং প্রতিশ্রুতি অসাধারণ। কিন্তু এটি (ম্যাচ) যেভাবে শেষ হলো এমন কিছু আমরা আশা করিনি। এমিরেটসে আমাদের একসঙ্গে কাটানো সময়ের মাঝে এটি সেরা মুহূর্ত। আমার মনে হয় সে (ডোম্যান) স্টেডিয়ামে ভিন্ন আবহ এনে দিয়েছে। সে কেবল গোলই করেনি, পুরো খেলা পাল্টে দিয়েছে। যখনই বল পেয়েছে, তার কাজটা এমন ছিল যা প্রতিপক্ষের কাছে আমরা আরও হুমকি হয়ে উঠি।’

হামজা-সামিতদের নিয়ে প্রাথমিক দল

হামজা-সামিতদের নিয়ে প্রাথমিক দল

ভিয়েতনামের বিরুদ্ধে প্রীতি ম্যাচ এবং সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। রবিবার ঘোষিত দলে ব্রাদার্স ইউনিয়নের ২৩ বছর বয়সী গোলরক্ষক ইসহাক আকন্দই একমাত্র নতুন মুখ। আগামী ২৬ মার্চ ভিয়েতনামে স্বাগতিকদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ৩১ মার্চ সিঙ্গাপুরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে মুখোমুখি হবে লাল-সবুজের দেশ।   ক্যাম্পে যোগ দিতে খেলোয়াড়দের আজ ঢাকার একটি হোটেলে টিম ম্যানেজারের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ক্যাম্পে কয়েকদিনের অনুশীলনের পরই ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাফুফে। গত বছরের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে থাকা পাঁচ ফুটবলারকে এবার ক্যাম্প থেকে বাদ দিয়েছেন প্রধান কোচ জ্যাভিয়ের ক্যাবরেরা। নিষেধাজ্ঞার কারণে উইঙ্গার রাকিবুল হাসান ও ডিফেন্ডার তপু বর্মণের জায়গা হয়নি। এছাড়া ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড কিউবা মিচেল এবং ডিফেন্ডার তাজ উদ্দিনও বাদ পড়েছেন। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীকেও প্রাথমিক ক্যাম্পে রাখা হয়নি। তবে তিনি ২২ মার্চ ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল। তরুণ স্ট্রাইকার মিরাজুল ইসলাম, অভিজ্ঞ রফিকুল ইসলাম ও সুমন রেজাও আবার দলে ফিরেছেন। ভারতের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না থাকা ফাহমিদুল ইসলামও এবার স্কোয়াডে আছেন। গোলকিপার মিতুল মারমার সাম্প্রতিক পারফরম্যান্সের পর অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোর দলে ফেরার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত তাকে দলে রাখা হয়নি। প্রাথমিক স্কোয়াড ॥ গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান ও ইসহাক আকন্দ, ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, মনজুরুর রহমান মানিক ও ইসা ফয়সাল, মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মো. সোহেল রানা, মোহাম্মদ হ‍ৃদয় সামিত সোম, ফরোয়ার্ড: আরমান ফয়সাল, ইমন শাহরিয়ার, ফয়সাল আহমেদ, ফাহমিদুল ইসলাম, মিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম ও সুমন রেজা।

ছক্কার রেকর্ডে তানজিদের প্রথম সেঞ্চুরি

ছক্কার রেকর্ডে তানজিদের প্রথম সেঞ্চুরি

৩০ ওয়ানডেতে ফিফটি ৫টি, ৪৫ টি২০তে ১১। রঙিন পোশাকে আড়াই বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রতিভার ছাপ রাখলেও ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারছিলেন না তানজিদ হাসান তামিম। একজন ওপেনারের তার জন্য এটি কম পীড়াদায়ক নয়। সেই তিনি জ্বলে উঠলেন পাকিস্তানের বিপক্ষে ‘ফাইনালে’ রূপ নেওয়া সিরিজের শেষ ওয়ানডেতে। ছক্কা মেরে সেঞ্চুরিতে পা রাখা ক্রেজি বাঁহাতি ব্যাটার জীবনের প্রথম সেঞ্চুরি হাঁকালেন ছক্কার রেকর্ড গড়ে। রবিবার হোম অব ক্রিকেটে মিরপুরের শেরেবাংলায় সমান ১০০ স্ট্রাইক রেটে ১০৭ বলে উপহার দিলেন ১০৭ রানের নান্দনিক এক ইনিংস। ৬ চারের বিপরীতে ছক্কা ৭টি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বাধিক ছক্কার রেকর্ড এটি, রেকর্ড মিরপুরেও। সঙ্গে লিটন দাসের ৫১ বলে ৪১ ও তাওহিদ হৃদয়ের ৪৪ বলে অপরাজিত ৪৮ রানে ভর করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রানের ‘চ্যালেঞ্জিং’ স্কোর গড়ে বাংলাদেশ। জবাবে রাতে এ রিপোর্ট লেখার সময় ৮৩ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপছিল পাকিস্তান! ওয়ানডেতে সব মিলিয়ে বাংলাদেশের কোনো ওপেনারের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড একটুর জন্য ছুঁতে পারেননি তানজিদ। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৬ রানের ইনিংসে লিটন দাস ছক্কা মেরেছিলেন ৮টি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরানের স্বাদ পেলেন তানজিদ, প্রায় ২৭ মাস পর ওয়ানডেতে সেঞ্চুরি করতে পারলেন বাংলাদেশের কোনো ওপেনার। এই সিরিজের প্রথম ম্যাচেও দুর্দান্ত ব্যাট করেছেন তানজিদ। ৮ উইকেটের বড় জয়ের পথে সেদিন মাত্র ১১৫ রানের লক্ষ্যেই ৫ ছক্কায় ৪২ বলে খেলেন অপরাজিত ৬৭ রানের ইনিংস। পরের ম্যাচে ভালো করতে পারেননি। হাঁহাকার ঘোচানো সেঞ্চুরিতে জ্বলে উঠলেন সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে। তার এই শতরানে বাংলাদেশ ক্রিকেটের একটি খরাও কেটে গেল। প্রায় ২৭ মাস ও ২৩ ম্যাচ পর এই সংস্করণে সেঞ্চুরি পেলেন বাংলাদেশের কোনো ওপেনার। সর্বশেষটি ছিল ২০২৩ সালের ডিসেম্বরে সৌম্য সরকারে ১৬৯। ১১ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির অপেক্ষা ঘুচল বাংলাদেশের। ২০১৫ সালে মিরপুরে সৌম্য সরকারের ১১০ বলে ১২৭ রানের ইনিংসের সুবাদেই পাকিস্তানকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। মিরপুরে এদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তানজিদের ব্যাট থেকে ঠিকরে বেরিয়েছে আত্মবিশ্বাসের ঝিলিক। ম্যাচের দ্বিতীয় ওভারেই হারিস রউফকে চার ও ছক্কা মারেন তিনি। একটু পর রউফকেই আরেকটি ছক্কা মারেন চোখ ধাঁধানো আপার কাটে। পঞ্চাশে পা রাখেন তিনি ৪৭ বলে। ওপেনিংয়ে সঙ্গী সাইফ হাসান অবশ্য স্বস্তিতে খেলতে পারছিলেন না। তানজিদের সৌজন্যে তবু শতরানের জুটি গড়ে ওঠে। দ্বিতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্তর সঙ্গে। তানজিদ একই গতিতে খেলে এগিয়ে যান শতরানের দিকে। ৯৪ থেকে সালমান আলি আগার বলে লং অফের উপর দিয়ে ওই ছক্কায় পেয়ে যান প্রথম শতরানের অনির্বচনীয় স্বাদ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ৯৮ বল। তিন অঙ্ক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম। ৩৭তম ওভারের তৃতীয় বলে আবরারকে কাট করতে যান তামিম। ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়া বল সোজা কাভারে শাহিন আফ্রিদির হাতে চলে যায়। তার আগে শান্ত ৩৪ বলে ২৭ রান করে হারিস রউফের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নিয়েছেন। আউট হওয়ার সঙ্গে সঙ্গে একটা রিভিউ নষ্ট করে গেছেন শান্ত। শান্ত-তামিমের বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৬.২ ওভারে ৩ উইকেটে ১৯৪ রান। চতুর্থ উইকেটে লিটন দাস ও তাওহিদ হৃদয় করেন ৬১ বলে ৬৮ রানের জুটিতে। ৪৭তম ওভারের তৃতীয় বলে লিটনকে ফিরিয়ে জুটি ভাঙেন হারিস রউফ। ৫১ বলে ১ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন লিটন। লিটনের উইকেট নেওয়ার পরের বলেই রিশাদ হোসেনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন রউফ। তবে হ্যাটট্রিকটা তিনি করতে পারেননি। পাঁচ নম্বরে নামা তাওহিদ হৃদয় ৪৪ বলে ৪ চারে ৪৮ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের ২৯০ রানের মধ্যে সর্বোচ্চ ১০৭ রান আসে তানজিদ তামিমের ব্যাটেই। পাকিস্তানের রউফ ১০ ওভারে ৫২ রানে ৩ উইকেট নিয়েছেন। একটি করে শিকার শাহিন শাহ আফ্রিদি ও আবরার আহমেদের।