পাকিস্তানের ক্লাব পেশোয়ার জালমি তাদের ফেসবুক পেজে এভাবেই বাঘসহ শরিফুল ইসলামের ছবি পোস্ট করেছে
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের উপস্থিতি এবার আরও জমজমাট হতে যাচ্ছে। ইতোমধ্যে সরাসরি চুক্তিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা এবং পারভেজ হোসেন ইমন। এবার সেই তালিকায় নতুন সংযোজন শরিফুল ইসলাম। প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পাওয়া এই বাঁহাতি পেসারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি।
সবকিছু ঠিক থাকলে একই দলে নাহিদ রানার সঙ্গে খেলতে দেখা যাবে শরিফুলকে। গত মাসে অনুষ্ঠিত পিএসএলের নিলামে অবিক্রিত ছিলেন শরিফুল। তাঁর ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। এবার দল পেলেন সরাসরি চুক্তিতে। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে শরিফুলকে স্বাগত জানিয়েছে পেশোয়ার।
ফ্র্যাঞ্চাইজিটি বাংলায় লিখেছে, ‘ইয়েলো স্টর্ম আপনার আগমনে আরও শক্তিশালী হলো! বাংলাদেশের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম এখন হলুদ জার্সিতে পিএসএলে ঝড় তুলতে প্রস্তুত। গতি, উইকেট নেওয়ার ক্ষমতা আর দারুণ এনার্জি নিয়ে জালমি পরিবারে আপনাকে স্বাগতম।’ আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে পিএসএলের একাদশ আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে লাহোর কালান্দার্স, যেখানে খেলার সম্ভাবনা রয়েছে মোস্তাফিজ ও ইমনের। অন্যদিকে ২৮ মার্চ প্রথম ম্যাচ খেলবেন রিশাদ, নাহিদ ও শরিফুল। সূচি অনুযায়ী, পেশোয়ার জালমি মুখোমুখি হবে রাওয়ালপিন্ডির।
বিপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন ২৪ বছর বয়সী বাঁহাতি পেসার। ১০.০৭ গড়ে ওভারপ্রতি মাত্র ৫.৮৪ রান দিয়ে ২৬ উইকেট শিকার করেন তিনি, যা ছিল বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেটের নতুন রেকর্ড। সব মিলিয়ে ক্যারিয়ারে ১৫৬ টি২০তে তার শিকার ১৯৫ উইকেট। এদিকে পিএসএলের নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে দলে টানে লাহোর কালান্দার্স। আইপিএল থেকে নাম কাটা যাওয়ায় ফিজকে দলে নেওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের দর্শক সমর্থনও কুড়িয়ে নিয়েছে লাহোর।
সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো বাঁহাতি পেসারের সঙ্গে তাদের চুক্তি হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির, বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ ৬৬ হাজার টাকা। পিএসএলে সতীর্থ হিসেবে তিনি পাবেন জাতীয় দলের তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকে। ২৩ বছর বয়সী এই ব্যাটার ৬০ লাখ রুপিতে লাহোরে দল পেয়েছেন। প্রথম দফায় অবিক্রিত থাকলেও নিলামে দ্বিতীয়বার নাম উঠলে তাকে দলে টেনে নেয় বর্তমান চ্যাম্পিয়ন ও ৩ বারের শিরোপাজয়ীরা।
ইমনের মতোই দ্বিতীয় ডাকে দল পান নাহিদ রানা। ৬০ লাখ রুপি বা ২৬ লাখ ২২ হাজার টাকা পারিশ্রমিকে তিনি খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নাহিদ অবশ্য গত পিএসএলেও এই দলের অংশ ছিলেন, যদিও সেবার খেলার সুযোগ হয়নি। মোস্তাফিজের মতো চমক দেখিয়েছেন রিশাদ হোসেন। গত আসরে লাহোরকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা রিশাদ এবার নাম লিখিয়েছেন নতুন দল রাওয়ালপিন্ডিতে। ৩ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদকে কিনেছে তারা, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩১ লাখ ২১ হাজার টাকার মতো। গত পিএসএলে দল পাওয়া বাংলাদেশিদের মধ্যে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস এবার দল পাননি।
প্যানেল হু








