//

ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

দাপুটে জয়ে সিরিজে সমতায় নিউজিল্যান্ড

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২৩:২৩, ১৭ মার্চ ২০২৬; আপডেট: ১২:৪২, ১৯ মার্চ ২০২৬

দাপুটে জয়ে সিরিজে সমতায় নিউজিল্যান্ড

সিরিজ সমতায় নিউজিল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে জয় তুলে নিয়ে টি২০ সিরিজে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের দায়িত্বশীল ব্যাটিং ও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ৬৮ রানের বড় ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে ১-১ সমতায় কিউইরা। মঙ্গলবার সেডন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলায় ৬ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা। রান তাড়ায় ১৫.৩ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ৪৯ বলে ৬০ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কনওয়ে।
ইনিংসের বিভিন্ন সময়ে উইকেট হারালেও ডেভন কনওয়ে একপ্রান্ত আগলে রেখে ৬০ রানের কার্যকর ইনিংস খেলেন। পাওয়ারপ্লেতে টম ল্যাথাম দ্রুত কিছু রান তুলে দলকে ভালো সূচনা এনে দেন, যদিও বড় ইনিংস খেলতে পারেননি। এরপর নিক কেলি ও মিচেল স্যান্টনার দুজনই সম্ভাবনা জাগিয়েও সেটিকে বড় স্কোরে রূপ দিতে ব্যর্থ হন। শেষদিকে জশ ক্লার্কসনের ৯ বলে ২৬ রানের ঝড়ো ক্যামিও নিউজিল্যান্ডকে শক্ত  ভিত গড়ে দেয়। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ দুটি উইকেট নেন উইয়ান মুল্ডার। আর একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের পেসাররা উইকেটের অনিয়মিত বাউন্স ও গতিকে কাজে লাগিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের একেবারে অস্বস্তিতে ফেলে দেন। বেন সিয়ার্স ও লকি ফার্গুসন আগ্রাসী বোলিংয়ে দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচ একপেশে করে দেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ পুরোপুরি ভেঙে পড়ে, বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতায় তারা ঘুরে দাঁড়ানোর সুযোগই পায়নি। মাত্র ৪০ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা।

প্যানেল হু

×