পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এ উপলক্ষে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল থেকেই মানুষের ঢল নামে।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে সর্বসাধারণের জন্য প্রবেশপথ খুলে দেওয়া হলে মুহূর্তেই সেখানে ব্যাপক ভিড় জমে।
ভোর থেকেই সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা যমুনার উদ্দেশে ভিড় করতে থাকেন। এক পর্যায়ে মানুষের এ জনস্রোত বিস্তৃত হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা পর্যন্ত পৌঁছে যায়।
নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে পুরো এলাকায়।
এর আগে সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এ জামাতে তারা নামাজ আদায় করেন।
উল্লেখ্য, ২০০৭ সালে শেষবার দেশে ঈদ উদযাপনের পর দীর্ঘ ১৯ বছর বিদেশে থাকার পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার পর এবারই তার প্রথম ঈদ উদযাপন।
নোভা








