পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে টেলিফোনে শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
শুক্রবার (২০ মার্চ) ঈদের আগের দিন দুই নেতার মধ্যে এই টেলিফোন আলাপ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
এক্সে দেওয়া এক পোস্টে জানানো হয়, অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হওয়া এই কথোপকথনে শেহবাজ শরীফ তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি দুই দেশের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের আশ্বাস দেন।
এ সময় উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইস্যু নিয়েও আলোচনা করেন। মতপার্থক্য ও বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
শুভেচ্ছার জবাবে তারেক রহমান পাকিস্তানের জনগণের প্রতি শুভকামনা জানান।
দুই নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভবিষ্যতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন বলেও জানানো হয়।
নোভা








