পবিত্র ঈদুল ফিতরের জামাত আয়োজনের জন্য রাজধানীর সব ঈদগাহ ও মসজিদ প্রস্তুত রয়েছে। আগামীকাল শনিবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়।
এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে শেরে বাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠেও ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এক মাস সিয়াম সাধনার পর সারা দেশের মতো রাজধানীতেও উৎসবের আমেজ বিরাজ করছে। তবে ঈদের দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, এ বিষয়টি মাথায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
প্রতি বছরের মতো এবারও জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে সকাল সাড়ে ৮টায় জামাত শুরু হবে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে—প্রথমটি সকাল ৭টায়, এরপর সকাল ৮টা, ৯টা, ১০টা এবং সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায়।
ঢাকা উত্তর সিটির ব্যবস্থাপনায় শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে দ্বিতীয়বারের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। পাশাপাশি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়ও সকাল ৮টায় ঈদের জামাত হবে।
ধানমন্ডির ঈদগাহ মাঠ মসজিদে সকাল ৮টায় এবং সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
গুলশান কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৬টা, সকাল ৮টা ও সকাল সাড়ে ৯টায় তিনটি জামাত হবে। সোসাইটি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদে সকাল ৮টা ও ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। আজিমপুর ছাপড়া মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় তিনটি জামাত এবং কবরস্থান মসজিদে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত চারটি জামাত অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় এবং খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বুয়েটের খেলার মাঠে জামাত হবে সকাল সোয়া ৭টায়।
Jahan








