ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

প্রকাশিত: ১৯:০১, ২০ মার্চ ২০২৬

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, কাল ঈদ

ছবি: সংগৃহীত।

দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, ফলে আগামী শনিবার (২১ মার্চ) সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজারে চাঁদ দেখা যাওয়ার পর তা ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নিশ্চিত করা হয়।

এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল বা অন্য কোনো অনিবার্য কারণে জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতীব মুফতি মুহাম্মদ আবদুল মালেক ইমামতির দায়িত্ব পালন করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন।

বৈরি আবহাওয়ার কথা মাথায় রেখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ইতোমধ্যে ঈদের প্রধান জামাতের সকল আয়োজন সম্পন্ন করেছেন। তিনি ঢাকাবাসীকে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রধান জামাতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

এম.কে

×