দেশের স্বর্ণবাজারে টানা পতনের ধারা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক কয়েক দফা সমন্বয়ের মধ্যে চারবার ধারাবাহিকভাবে দাম কমানো হয়েছে, ফলে ভরিতে মোট কমেছে ১৫ হাজার টাকারও বেশি। সর্বশেষ সমন্বয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দাম কমিয়েছে, যা বৃহস্পতিবার সকাল থেকেই কার্যকর হয়েছে।
এই দফায় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন দামে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
এর আগে ১৪ মার্চও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও একইভাবে সমন্বয় করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪৪ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বেড়েছে, আর ১৮ বার কমেছে। অন্যদিকে ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে দাম বাড়ানো হয়েছিল ৬৪ বার, আর কমানো হয়েছিল ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমেছে। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট রুপার ভরি ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৯৯ টাকায়।
রুপার ক্ষেত্রেও চলতি বছরে ২৮ দফা সমন্বয় হয়েছে, যার মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ১২ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার সমন্বয়ের মধ্যে দাম বেড়েছিল ১০ বার, কমেছিল ৩ বার।
এ.এইচ








