ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ইউনিলিভার বাংলাদেশ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে কোনো পুনর্গঠন চলছে না

প্রকাশিত: ১৯:১২, ১৯ মার্চ ২০২৬

ইউনিলিভার বাংলাদেশ: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে কোনো পুনর্গঠন চলছে না

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) সাম্প্রতিক কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য সম্পর্কে অবগত হয়েছে, যেখানে তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক পুনর্গঠন সংক্রান্ত মহামান্য হাইকোর্ট বিভাগের একটি আদেশের উল্লেখ করা হয়েছে। ইউবিএল স্পষ্টভাবে জানাচ্ছে যে, বর্তমানে তারা তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে কোনো পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করছে না, এবং এ ধরনের তথ্যটি সঠিক নয় এবং সম্পূর্ণ বিভ্রান্তিকর।

অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্স—ইউবিএলের প্রাক্তন ডিস্ট্রিবিউটর—তারা পূর্বে শুধুমাত্র ঢাকার একটি সীমিত ডিস্ট্রিবিউশন এলাকায় কার্যক্রম পরিচালনা করত। বর্তমান বিরোধটি কেবলমাত্র ওই সীমিত এলাকার সঙ্গে সম্পর্কিত। সমগ্র বাংলাদেশ জুড়ে বিস্তৃত ইউবিএল-এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক স্বাভাবিক ও নির্বিঘ্নভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

ইউবিএলের প্রাক্তন ডিস্ট্রিবিউটর অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্স, তাদের ডিস্ট্রিবিউটরশিপ আইনানুগভাবে সমাপ্তির পর ইউবিএলের বিরুদ্ধে একাধিক আইনি কার্যক্রম শুরু করে, যা বর্তমানে চলমান রয়েছে। ২য় অতিরিক্ত জেলা জজ আদালত, ঢাকা (Arbitration Miscellaneous Cases)-এ দায়েরকৃত মধ্যস্থতা মামলাগুলোতে আদালত ইউবিএলের অনুকূলে আদেশ প্রদান করেছেন, যেখানে ডিস্ট্রিবিউটরশিপ বাতিলের বৈধতা এবং নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগের আইনানুগতা বহাল রাখা হয়েছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রাক্তন ডিস্ট্রিবিউটররা পরবর্তীতে মহামান্য হাইকোর্ট বিভাগে সিভিল রিভিশন মামলা দায়েরের মাধ্যমে এসব আদেশ চ্যালেঞ্জ করার চেষ্টা করেছে এবং একটি আদেশ লাভ করেছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে ইউবিএল এ ধরনের কোনো শুনানিতে অংশগ্রহণ করেনি এবং মহামান্য হাইকোর্ট বিভাগ কিংবা অন্য কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নোটিশ বা প্রত্যয়িত অনুলিপি প্রদান করা হয়নি বা অফিসিয়াল যোগাযোগ করা হয়নি। এ ধরনের কোনো আনুষ্ঠানিক যোগাযোগ প্রাপ্ত ও পর্যালোচনা না করা পর্যন্ত, সংবাদমাধ্যমে প্রকাশিত বিষয়বস্তু বা এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে ইউবিএল মন্তব্য করার অবস্থানে নেই।

পূর্ববর্তী ক্রিমিনাল কার্যক্রমের প্রেক্ষিতে, সি.আর. মামলা নং ৩৬৩/২০২৫-এ ইউনিলিভার বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন লাভ করেন, এবং মাসুদ অ্যান্ড ব্রাদার্স কর্তৃক উক্ত জামিন আদেশ চ্যালেঞ্জ করা হলে, ঢাকার দায়রা জজ আদালত পরবর্তীতে সেই জামিন আদেশগুলো বহাল রাখেন। এছাড়াও, অগ্রণী ট্রেডিং কর্পোরেশন লিমিটেড কর্তৃক দায়েরকৃত একটি সি.আর. মামলায়, ওয়ারী থানা পুলিশ একটি তদন্ত প্রতিবেদন দাখিল করে, যেখানে অভিযোগগুলোকে প্রাথমিকভাবে ভিত্তিহীন (prima facie false) বলে উল্লেখ করা হয়েছে।

চলমান ঈদ এবং সরকারি ছুটির কারণে, ইউবিএলের কার্যালয় ২৩ মার্চ ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। কার্যালয় পুনরায় চালু হলে, ইউবিএল দ্রুত তাদের আইনজীবীদের সম্পৃক্ত করে বিষয়টি যাচাই করবে, প্রাসঙ্গিক যেকোনো আনুষ্ঠানিক আদেশ সংগ্রহ ও পর্যালোচনা করবে এবং পরবর্তী যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

ইউবিএল দৃঢ়ভাবে জানাচ্ছে যে, তাদের সকল ব্যবসায়িক কার্যক্রম এবং ডিস্ট্রিবিউটর ব্যবস্থাপনা প্রযোজ্য আইন ও প্রক্রিয়া অনুসরণ করেই পরিচালিত হয়েছে। যেহেতু আদালত কিংবা কোনো উপযুক্ত কর্তৃপক্ষের নিকট থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি, তাই এই বিষয়ে আরও মন্তব্য করা সম্ভব নয়।

কোম্পানিটি সর্বোচ্চ সততা, আইনগত সম্মতি এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভোক্তা, অংশীদার ও স্টেকহোল্ডারদের প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব ও ব্যবসায়িক নৈতিকতা বজায় রেখে সেবা প্রদান অব্যাহত রাখবে।

 

রাজু

×