দেশের বাজারে এক দিনের ব্যবধানে দু’দফায় কমানো হলো সোনার দাম। বৃহস্পতিবার বিকেলে নতুন করে মূল্যহ্রাসের ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস), যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সর্বশেষ ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এর আগে একই দিনে সকালে প্রথম দফায় ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল, যা সকাল ১০টা থেকে কার্যকর হয়।
সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী—
২১ ক্যারেট সোনা: ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা (প্রতি ভরি)
১৮ ক্যারেট সোনা: ২ লাখ ২ হাজার ২০ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা
এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৩৬৫ টাকা। এছাড়া—
২১ ক্যারেট রুপা: ৫ হাজার ১৩২ টাকা
১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৪৩২ টাকা
সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৩২৪ টাকা
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক ও স্থানীয় উভয় বাজারের প্রভাবেই এ ধরনের মূল্য সমন্বয় হয়ে থাকে।
Mily








