ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ভারতীয় ভিসা আবেদন জমার প্রথম দিনেই দীর্ঘ লাইন

প্রকাশিত: ১৫:৩২, ২৯ জুন ২০২৬

ভারতীয় ভিসা আবেদন জমার প্রথম দিনেই দীর্ঘ লাইন

জনকণ্ঠ রিপোর্ট
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করেছে ভারত। গত রবিবার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার ছিল আবেদনপত্র জমা নেওয়ার প্রথম দিন। আর প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে আবেদনকারীদের দীর্ঘ সারি দেখা যায়।
সকালের প্রথম প্রহর থেকেই অনেক আবেদনকারী ভিসা আবেদন জমা দিতে কেন্দ্রের সামনে ভিড় করেন। দীর্ঘদিন পর পর্যটন ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে। এরপর সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ ছিল।
ভারতের নতুন হাইকমিশনার দায়িত্ব গ্রহণের পর সেই অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কেন্দ্রেও এ সেবা চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

×