পারসিয়ান নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে প্রতিপক্ষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।
লিখিত এই বার্তায় তিনি বলেন, অভ্যন্তরীণ ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের মানুষ একটি অভিন্ন অবস্থানে এসে দাঁড়িয়েছে, যা প্রতিপক্ষের পরিকল্পনাকে ব্যর্থ করে দিচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, শত্রুপক্ষের ধারণা ছিল—টানা হামলার ফলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখিয়েছে। বরং এই পরিস্থিতি জনগণের মধ্যে ঐক্য আরও দৃঢ় করেছে।
খামেনি বলেন, যুদ্ধের শুরুতে শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে ভয় ও অস্থিরতা তৈরি করার কৌশল নেওয়া হয়েছিল। এর মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল বলে তিনি দাবি করেন।
তবে তার ভাষ্য অনুযায়ী, এই কৌশল উল্টো ফল দিয়েছে। আক্রমণের মুখে দেশের ভেতরে সংহতি বেড়েছে, আর প্রতিপক্ষের ভেতরেই মতপার্থক্য ও বিভাজন স্পষ্ট হয়েছে।
উল্লেখ্য, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখনো প্রকাশ্যে উপস্থিত হননি মোজতবা খামেনি; তার এই বার্তাটি লিখিত আকারেই প্রকাশ করা হয়েছে।
Mily








