ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ভাবীর দায়ের কোপে দেবর নিহত, গ্রেফতার ১

হীরা আহমেদ জাকির,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ২৩:০৮, ১৯ মার্চ ২০২৬

ভাবীর দায়ের কোপে দেবর নিহত, গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাবীর দায়ের কোপে দেবর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার(১৯ মার্চ)দুপুরে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ  ঘটনা ঘটে।

নিহত সুমন মিয়া (৩০) দত্তপাড়া গ্রামের মোঃ গোলাপ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুমন তাদের বাড়ির পাশে মোটরসাইকেল রাখে এসময় সুমনের চাচাতো ভাই সাত্তার মিয়ার স্ত্রী রুমানা বেগম আপত্তি জানান। এক পর্যায়ে   সুমনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে সুমন মোটরসাইকেল সরিয়ে সেখান থেকে চলে যান।

পরবর্তীতে বিষয়টি নিয়ে সুমনের মা রুমানা বেগমকে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুমন ঘটনাস্থলে এসে মায়ের সঙ্গে খারাপ আচরণের কারণ জানতে চাইলে রুমানা বেগম ক্ষিপ্ত হয়ে ঘর থেকে দা এনে তার ওপর হামলা চালান।

এতে সুমনের বুকে, হাতে ও কপালে গুরুতর আঘাত লাগে। স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোমানার শাশুড়ী বানোয়ারা বেগমকে আটক করেছে পুলিশ,ঘটনার পর থেকে রুমানা বেগম পলাতক রয়েছেন।

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া দৈনিক জনকণ্ঠ কে জানান,এঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে,নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।অভিযুক্ত রুমানাকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

×