ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

রাকিব হত্যায় অস্ত্রসহ গ্রেপ্তার সাগর রিমান্ডে

প্রকাশিত: ০০:২৭, ২০ মার্চ ২০২৬

রাকিব হত্যায় অস্ত্রসহ গ্রেপ্তার সাগর রিমান্ডে

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বোরহানুদ্দীন কলেজের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব (২৫) হত্যার ঘটনায় সালাউদ্দিন ওরফে সাগরকে গ্রেপ্তার করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আদালতে শুনানি শেষে এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. মিঠু সরকার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন, যার প্রেক্ষিতে আদালত চার দিন মঞ্জুর করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর স্বীকার করেছে, তার সহযোগী গোলাম রসুল শিহাব, রাফিন শেখ, শাহরিয়ার নাজিম জয় ও সাগর ফকিরের সঙ্গে মিলিত হয়ে রাকিবকে হত্যা করা হয়েছে। তবে হত্যার মূল কারণ এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের তথ্য সে এখনো জানায়নি।

পুলিশ জানায়, গত বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী সদরের একটি ভাড়া বাসা থেকে সাগরকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হওয়া অন্য দুই আসামি শিহাব ও সাগর (ফকির) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া রাফিন ও জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে রাকিব মোটরসাইকেলে করে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ৫-৬ জন সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

নিহত রাকিবের বাবা তরিকুল ইসলাম খোকন শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ বলেছে, ব্যক্তিগত ও নারীঘটিত আক্রোশ থেকে খুলনার এক শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে এই ‘কিলিং মিশন’ সংঘটিত হয়েছিল।

Mily

×