ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

চাঁদপুরে মাইকে জানিয়ে আগাম ঈদ পালন, আলোচনায় গ্রামবাসী

প্রকাশিত: ২৩:৪৯, ১৯ মার্চ ২০২৬

চাঁদপুরে মাইকে জানিয়ে আগাম ঈদ পালন, আলোচনায় গ্রামবাসী

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় যখন সারা দেশে, ঠিক সেই সময় চাঁদপুরের একটি গ্রামে দেখা গেল ভিন্নধর্মী এক চিত্র। বৃহস্পতিবার (১৯ মার্চ) মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে আগেভাগেই সেখানে ঈদের নামাজ আদায় করা হয়েছে।
জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামে প্রতি বছরই মধ্যপ্রাচ্যের সময় অনুযায়ী ঈদ পালন করার একটি প্রচলন রয়েছে। তবে এবার সাদ্রা দরবার শরিফের প্রয়াত পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা মধ্যপ্রাচ্যের থেকেও একদিন আগে ঈদ উদযাপন করেছেন।
মাওলানা আবু বকর সিদ্দিক জানান, নাইজার ও মালিসহ কয়েকটি দেশে চাঁদ দেখা যাওয়ার খবরের ভিত্তিতে তারা ১৯ মার্চ ঈদ পালন করছেন। তার দাবি, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তা সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত।
তিনি আরও বলেন, সাদ্রা গ্রামের বিভিন্ন স্থানে এদিন ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিকে এক প্রত্যক্ষদর্শী, যিনি একজন মাদ্রাসা শিক্ষক, জানান—মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণার কথা শুনে তিনি পাশের গ্রাম থেকে গিয়ে দেখেন, সেখানে সত্যিই ঈদের নামাজ আদায় হচ্ছে।
উল্লেখ্য, চাঁদপুর জেলার প্রায় অর্ধশত গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের রীতি বহুদিন ধরে প্রচলিত রয়েছে।

×