যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। মার্কিন হামলায় সহায়তা করার অভিযোগ তুলে দেশটি আমিরাতের কাছ থেকে বড় অঙ্কের আর্থিক ও নৈতিক ক্ষতিপূরণ চেয়েছে।
বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো এক চিঠিতে এই দাবি জানানো হয়। চিঠিটি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
চিঠিতে ইরাভানি অভিযোগ করেন, সংযুক্ত আরব আমিরাত তাদের ভূখণ্ড ও সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের সুযোগ দিয়ে সরাসরি ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়েছে। তিনি একে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায্য পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
তার মতে, আমিরাতের এই পদক্ষেপের কারণে ইরানের ব্যাপক বস্তুগত ও নৈতিক ক্ষতি হয়েছে। ফলে এই ক্ষতির সম্পূর্ণ দায়ভার আমিরাতের ওপরই বর্তাবে।
ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, এ ঘটনার জন্য সংযুক্ত আরব আমিরাতকে আন্তর্জাতিক অঙ্গনে জবাবদিহির মুখে পড়তে হবে। যুদ্ধজনিত সব ধরনের ক্ষয়ক্ষতি ও জনগণের মানসিক প্রভাবের জন্য পূর্ণাঙ্গ ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান।
তবে এ বিষয়ে এখনো সংযুক্ত আরব আমিরাত বা জাতিসংঘের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে, ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে আইনি ও কূটনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।
Jahan








