ছবি: দৈনিক জনকণ্ঠ।
ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এতে ঘরমুখো মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-চন্দ্রা সড়ক ও আব্দুল্লাহপুর-আশুলিয়া-ডিইপিজেড সড়কের এ চিত্র লক্ষ্য করা যায়।
সরেজমিন ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, উল্লাইল, গেন্ডা, সাভার বাজার বাসস্ট্যান্ড কোথাও যানজট বা ধীরগতি দেখা যায়নি। এদিকে নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, জিরানি, শ্রীপুর এলাকায় সড়কে গাড়ির চাপ রয়েছে।
সেলফি পরিবহনের যাত্রী দেলোয়ার হোসেন বলেন, আমি ফরিদপুর যাওয়ার উদ্দেশ্য রওনা হয়েছি। গাবতলী থেকে বাসে নবীনগর পর্যন্ত এসেছি। তবে কোথাও যানজটে পড়তে হয়নি বলে জানান তিনি।
অপরদিকে শুভযাত্রা বাসের চালক আলম হোসেন বলেন, গতকালের তুলনায় আজকে সড়ক স্বাভাবিক। কোথাও যানজটে পড়তে হয়নি। তবে যাত্রীদের চাপ আজকে কম বলে জানান তিনি।
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা সড়ক স্বাভাবিক রয়েছে৷ কোথাও যানজটের চিত্র লক্ষ্য করা যায়নি। যানজট নিরসনে হাইওয়ে থানা পুলিশ, জেলা পুলিশ ও সেনাবাহিনী কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
এম.কে








