ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে ‘শুভঙ্করের ফাঁকি’, পঙ্গু হতে পারে মার্কিন অর্থনীতি

ওয়াহেদ রাজু

প্রকাশিত: ১৯:৫২, ১৯ মার্চ ২০২৬; আপডেট: ১৯:৫২, ১৯ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে ‘শুভঙ্করের ফাঁকি’, পঙ্গু হতে পারে মার্কিন অর্থনীতি

দীর্ঘস্থায়ী যুদ্ধের চোরাবালিতে কি আবারও পা দিচ্ছে যুক্তরাষ্ট্র? তেহরানে ‘শাসন পরিবর্তনের’ উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’র ব্যয় নিয়ে মার্কিন প্রশাসনের দেওয়া হিসাবকে ‘শুভঙ্করের ফাঁকি’ বলে অভিহিত করেছে প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট। তাদের দাবি, এই যুদ্ধের চূড়ান্ত বিল কয়েক ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে পারে, যা মার্কিন অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যথেষ্ট।

লুকানো খরচের অঙ্ক
ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া এই অভিযানে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হ্যাসেট মাত্র ১২ বিলিয়ন ডলারের হিসাব দিলেও বাস্তবে চিত্রটি ভিন্ন। বিশেষজ্ঞরা বলছেন:

স্বল্পমেয়াদী (৩ সপ্তাহ): সরাসরি খরচ হবে ৬০ থেকে ৯০ বিলিয়ন ডলার।

দীর্ঘমেয়াদী (৮ সপ্তাহের বেশি): খরচ অনায়াসেই ২৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমান অস্ত্রভাণ্ডার দিয়ে ‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর দাবি করলেও সমরবিদরা বলছেন, অস্ত্রের মজুদ আশঙ্কাজনক হারে ফুরিয়ে আসছে।

ইতিহাসের পুনরাবৃত্তি: ইরাক থেকে ইরান
প্রতিবেদনে ইরাক যুদ্ধের উদাহরণ টেনে বলা হয়, বুশ প্রশাসন শুরুতে ৪০ বিলিয়ন ডলারের হিসাব দিলেও ২০২১ সাল নাগাদ সেই যুদ্ধের মোট ব্যয় দাঁড়িয়েছিল ৮ ট্রিলিয়ন ডলারে। বর্তমানে ৩৯ ট্রিলিয়ন ডলার ঋণের চাপে থাকা সাধারণ মার্কিনিদের জন্য ইরান যুদ্ধ সেই একই পরিণতির ইঙ্গিত দিচ্ছে।

অভ্যন্তরীণ বিদ্রোহ ও লবিংয়ের চাপ
যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করেছেন ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট। তার বিস্ফোরক মন্তব্য, "ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না; বরং ইসরায়েল ও শক্তিশালী লবির চাপেই ট্রাম্প প্রশাসন এই ধ্বংসাত্মক পথে পা বাড়িয়েছে।"

বিপাকে ট্রাম্পের প্রতিশ্রুতি
২০২৬ সালের সামরিক বাজেট ইতোমধ্যে ৮৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা ২০২৭ সালে ১.৫ ট্রিলিয়ন করার পরিকল্পনা চলছে। নির্বাচনী প্রচারণায় নতুন যুদ্ধে না জড়ানোর প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় বসার কয়েক মাসের মাথায় এই ব্যয়বহুল লড়াইয়ে জড়িয়ে সমর্থকদের হতাশ করেছেন ট্রাম্প। তেহরানের আকাশে যুদ্ধের মেঘ ঘনীভূত হলেও ওয়াশিংটনের অর্থনীতিবিদরা এখন ব্যস্ত যুদ্ধের সেই ‘লুকানো’ খরচ মেলাতে, যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে।

রাজু

×