সংযুক্ত আরব আমিরাতে পবিত্র রমজান মাসের শেষের চাঁদ (শাওয়াল মাসের চাঁদ) দিনের আলোতেই ক্যামেরাবন্দি হওয়ার তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংশ্লিষ্ট একটি কেন্দ্র এ তথ্য নিশ্চিত করেছে বলে গালফভিত্তিক গণমাধ্যমে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুরের দিকে বিশেষ প্রযুক্তির সহায়তায় চাঁদের ছবি ধারণ করা হয়। পর্যবেক্ষণটি আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত হয়।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, ছবিটি তোলার সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল প্রায় ৯ ডিগ্রির কিছু বেশি এবং চাঁদের বয়স ছিল শূন্যের নিচে (নেগেটিভ), যা নতুন চাঁদ গঠনের পূর্ববর্তী অবস্থাকে নির্দেশ করে। এই ধরনের তথ্য চাঁদের জন্মমুহূর্ত নির্ধারণে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
পর্যবেক্ষণ কার্যক্রমে কয়েকজন বিশেষজ্ঞ অংশ নেন এবং উন্নত মানের ক্যামেরা ব্যবহার করে চিত্রটি ধারণ করা হয়।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের বৈজ্ঞানিক তথ্য ঈদুল ফিতরের সম্ভাব্য সময় নির্ধারণে সহায়ক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপরই নির্ভর করে।
এর আগে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে।
Mily








