ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

রেল প্রতিমন্ত্রী

যাত্রীদের জন্য বড় সুখবর! রেল ভ্রমণে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই!

প্রকাশিত: ২১:১৩, ২০ মার্চ ২০২৬

যাত্রীদের জন্য বড় সুখবর! রেল ভ্রমণে চালু হচ্ছে ফ্রি ওয়াই-ফাই!

রেলযাত্রীদের সেবার মান উন্নত করতে দেশের তিনটি গুরুত্বপূর্ণ আন্তনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াই-ফাই ইন্টারনেট চালুর উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার (২০ মার্চ) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, রেল ভ্রমণে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা যাত্রীদের যাতায়াতে নতুন অভিজ্ঞতা এনে দেবে।

প্রতিমন্ত্রী জানান, শুরুতে তিনটি ট্রেনে এই সুবিধা চালু করা হবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে ধাপে ধাপে দেশের অন্যান্য আন্তনগর ট্রেনেও ওয়াই-ফাই সেবা সম্প্রসারণ করা হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের রেলযাত্রা প্রায় স্বাভাবিক রয়েছে বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি। স্টেশন পরিদর্শনের সময় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন। পরে সাংবাদিকদের তিনি জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের শিডিউল বিপর্যয় বা ভোগান্তির খবর পাওয়া যায়নি।

ট্রেনের সময়সূচি নিয়ে তিনি স্বীকার করেন, কোথাও কোথাও সামান্য বিলম্ব হচ্ছে, তবে তা দ্রুত কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ সার্বক্ষণিক কাজ করছে বলেও তিনি আশ্বস্ত করেন।

এদিকে, টিকিট কালোবাজারি রোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, টিকিট জালিয়াতি বা কালোবাজারির সঙ্গে রেলের কোনো কর্মকর্তা-কর্মচারী বা বাইরের কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Jahan

×