ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

স্বর্ণের দাম নিয়ে সুখবর

প্রকাশিত: ১৯:৫৭, ১৮ মার্চ ২০২৬

স্বর্ণের দাম নিয়ে সুখবর

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেছে। বিনিয়োগকারীদের নজর এখন মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) আসন্ন নীতিগত সিদ্ধান্তের দিকে, পাশাপাশি মধ্যপ্রাচ্যের চলমান অস্থির পরিস্থিতিও বাজারে প্রভাব ফেলছে।

বুধবার (১৮ মার্চ) লেনদেনে স্পট গোল্ডের দাম প্রায় ০.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৯৮৪ ডলারের কাছাকাছি নেমে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের দামের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে ফেডের সুদের হার সংক্রান্ত সিদ্ধান্তের ওপর। চলতি বছরে সুদের হার কমানো হবে, নাকি আগের মতোই রাখা হবে—এ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ধারণা করা হচ্ছে, ফেড টানা দ্বিতীয়বারের মতো সুদের হার অপরিবর্তিত রাখতে পারে।

অর্থনীতিতে সাধারণত মুদ্রাস্ফীতি বাড়লে স্বর্ণের চাহিদা বাড়ে। তবে সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে কিছুটা সরে যায়, ফলে দাম কমার প্রবণতা দেখা দেয়।

এদিকে, স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। স্পট সিলভারের দাম ১ শতাংশের বেশি কমেছে। একই সঙ্গে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও যথাক্রমে ১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ফেডের সিদ্ধান্ত স্পষ্ট হলে স্বর্ণসহ ধাতুর বাজারে নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে।

Mily

×