আসন্ন পবিত্র ঈদুল ফিতরের দিন দেশে বিরূপ আবহাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া বিশ্লেষকদের মতে, ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঈদের দিন দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত দুই দফা শক্তিশালী ঝড় বয়ে যেতে পারে—একটি সকালে এবং আরেকটি সন্ধ্যার পর। এর ফলে রাজধানী ঢাকাসহ দেশের একাধিক এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তার বিশ্লেষণে বলা হয়েছে, ঈদের আগের রাতেই ভারতের বিহার ও পশ্চিমবঙ্গ অঞ্চল থেকে সৃষ্ট আবহাওয়াগত অস্থিরতা উত্তর-পশ্চিম দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। পরে তা ধীরে ধীরে দেশের উত্তরাঞ্চল পেরিয়ে মধ্যাঞ্চল হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।
সম্ভাব্য সময়সূচি অনুযায়ী, রাত গভীর থেকে ভোরের মধ্যে রংপুর ও রাজশাহী অঞ্চলে, সকাল থেকে বেলা পর্যন্ত ময়মনসিংহ ও ঢাকায় এবং দুপুরের দিকে সিলেট, বরিশাল ও চট্টগ্রামে ঝড়ের প্রভাব দেখা যেতে পারে। বিশেষ করে রাজধানীতে সকাল ৭টা থেকে ১০টার মধ্যে ঝড় আঘাত হানার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও নির্দিষ্ট সময় এখনো নিশ্চিত নয়।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমলেও পরবর্তী সময়ে আবার বাড়তে পারে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, ঈদের দিন বাইরে বের হওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি। বিশেষ করে বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সময় খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
Mily








