ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

‎ঈদের আনন্দ গরীব দু:খী সবার মাঝে ছড়িয়ে দিতে ৫৪নং ওয়ার্ডে নিয়ামুল হাসানের ঈদ সামগ্রী বিতরণ

‎ইসমাঈল হোসাইন, উত্তরা, ঢাকা

প্রকাশিত: ২১:২১, ১৯ মার্চ ২০২৬; আপডেট: ২১:২২, ১৯ মার্চ ২০২৬

‎ঈদের আনন্দ গরীব দু:খী সবার মাঝে ছড়িয়ে দিতে ৫৪নং ওয়ার্ডে নিয়ামুল হাসানের ঈদ সামগ্রী বিতরণ

‎পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডের গরিব, দুঃখী ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করছেন শিক্ষানুরাগী, সমাজসেবক ও এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ'র উপদেষ্টা মোহাম্মদ নিয়ামুল হাসান। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তার এই উদ্যোগ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

‎জানা গেছে, ঈদকে সামনে রেখে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল, ডাল, সেমাই, চিনি সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। যাতে করে তারাও পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।

‎মোহাম্মদ নিয়ামুল হাসান বলেন, “ঈদ মানেই আনন্দ ও খুশি। এই আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায়, সেটিই আমাদের প্রত্যাশা। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, প্রতি বছরের মতো এবারও সেই দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

‎তিনি ৫৪নং ওয়ার্ডবাসীসহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল নাগরিক এবং দেশের মুসলমানদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। একই সঙ্গে সবাই যেন নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে কামনাও করেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিনি ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। জনগণের সমর্থন পেলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিয়ামুল হাসান মানুষের পাশে রয়েছেন। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবে তার সহায়তা কার্যক্রম সাধারণ মানুষের মাঝে আস্থা ও ভালোবাসা তৈরি করেছে।

‎ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে।

 

রাজু

×