ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

কীভাবে বাংলাদেশে নির্ধারিত হয় ঈদের তারিখ? জানাল ইসলামিক ফাউন্ডেশন

প্রকাশিত: ২২:২০, ১৯ মার্চ ২০২৬

কীভাবে বাংলাদেশে নির্ধারিত হয় ঈদের তারিখ? জানাল ইসলামিক ফাউন্ডেশন

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

অনেকেই মনে করেন, সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে ঈদ পালিত হয়। তবে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগ) মোহাম্মদ হারুনুর রশীদ জানিয়েছেন, এই ধারণা সঠিক নয়। তিনি বলেন, বাংলাদেশে নিজস্ব পদ্ধতিতে চাঁদ দেখেই ঈদের তারিখ নির্ধারণ করা হয়।

চাঁদ দেখার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তিরও ব্যবহার করা হয়। ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছাদে থিওডোলাইট যন্ত্র স্থাপন করে আবহাওয়া অধিদপ্তরের সহায়তায় পর্যবেক্ষণ করা হয়। সব তথ্য বিশ্লেষণ শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, যা সঙ্গে সঙ্গে গণমাধ্যমে প্রচারিত হয়।

বর্তমানে জাতীয় চাঁদ দেখা কমিটি ২০ সদস্যবিশিষ্ট। ধর্মমন্ত্রী এ কমিটির সভাপতি, ধর্ম মন্ত্রণালয়ের সচিব সহসভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জেলা পর্যায়েও পৃথক কমিটি রয়েছে, যা জেলা প্রশাসকের নেতৃত্বে চাঁদ দেখার তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় কমিটিতে পাঠায়।

জানা গেছে, কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা), মন্ত্রিপরিষদ বিভাগের একজন যুগ্ম সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ওয়াক্‌ফ প্রশাসক, ঢাকার জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি।

প্রতিবছর রমজান, ঈদুল ফিতর, ঈদুল আজহা ও ঈদে মিলাদুন্নবী (সা.)সহ বিভিন্ন ইসলামী দিবসের তারিখ নির্ধারণে চান্দ্রমাসের ২৯ তারিখে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা পর্যায় থেকে পাওয়া তথ্য একটি অ্যাপের মাধ্যমে জাতীয় কমিটির কাছে পাঠানো হয়।

Jahan

×