ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ঈদের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন

প্রকাশিত: ২৩:২৮, ১৫ মার্চ ২০২৬

ঈদের সম্ভাব্য তারিখ জানাল বাহরাইন

বাহরাইনে পবিত্র রমজান মাস এবার পূর্ণ ৩০ দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

নিউজ আউটলেট “নিউজ অব বাহরাইন”-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের এই তথ্য দিয়েছেন। তিনি জানান, উপসাগরীয় অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় সংশ্লিষ্ট কমিটিগুলো বৈঠকে বসবে।

ইসলামী রীতির অনুযায়ী নতুন চাঁদ দেখা গেলে পরবর্তী মাসের সূচনা চূড়ান্তভাবে নিশ্চিত হয়। ড. নাসের জানিয়েছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শাওয়ালের চাঁদের জন্ম বা কনজাংশন ১৯ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৪টা ৫ মিনিটে ঘটবে। ফলে ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদ দেখা যাবে না। এর ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও জানান, ১৯ মার্চ সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় দেখা যাবে এবং প্রায় ৩০ মিনিট দৃশ্যমান থাকবে, যা জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য অনুকূল। রমজানের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান পর্যবেক্ষণ করেও ধারণা করা হয়েছিল মাসটি ৩০ দিন পর্যন্ত চলতে পারে।

ড. নাসের উল্লেখ করেছেন, চলতি সপ্তাহে বাহরাইনে রোজার সময়কাল প্রায় ১১ ঘণ্টা ২৪ মিনিট।

এর আগে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলও ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য এবং বিভিন্ন দেশের চাঁদ দেখা সংস্থার পর্যবেক্ষণ বিশ্লেষণের ভিত্তিতে ১৯ মার্চ রমজানের শেষ দিন হবে এবং ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে শাওয়াল মাসের চাঁদ দেখা অবস্থার ওপর। বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করবে।

বিশ্বজুড়ে মুসলমানরা এক মাস রোজার পর ঈদুল ফিতর গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করেন। চলতি বছর পবিত্র রমজানের প্রথম রোজা শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি।

Mily

×