ছবি: সংগৃহীত
পবিত্র রমজান মাস এবার ৩০ দিন পূর্ণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। বাহরাইন অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহসভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছেন। নিউজ অব বাহরাইনের এক প্রতিবেদনে রবিবার এই খবর প্রকাশিত হয়।
ইসলামী রীতি অনুযায়ী শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদের তারিখ নির্ধারিত হয়। ড. আল নাসের জানান, উপসাগরীয় অঞ্চলে চাঁদ দেখার জন্য সংশ্লিষ্ট কমিটিগুলো ১৮ মার্চ (বুধবার) সন্ধ্যায় বৈঠকে বসবে। তবে গাণিতিক হিসাব বলছে, ওই দিন সূর্যাস্তের সময় আকাশে নতুন চাঁদের উপস্থিতি থাকবে না। শাওয়ালের নতুন চাঁদের জন্ম বা ‘কনজাংশন’ ঘটবে ১৯ মার্চ (বৃহস্পতিবার) ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়)। ফলে বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার কোনো অবকাশ নেই।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ১৮ মার্চ নতুন চাঁদ জন্ম না নেওয়ায় রমজান মাস ২৯ দিনের পরিবর্তে ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনাই বেশি। ড. নাসের আরও উল্লেখ করেন যে, বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনসহ পার্শ্ববর্তী অঞ্চলের আকাশে নতুন চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে। ওই সময় চাঁদ পশ্চিম দিগন্তে প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় থাকবে এবং প্রায় ৩০ মিনিট স্থায়ী হবে, যা খালি চোখে বা সাধারণ পর্যবেক্ষণে চাঁদ দেখার জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ।
অধ্যাপক নাসের জানান, রমজান মাসের শুরুতে পূর্ণিমার সময় চাঁদের অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণ করেও মাসটি ৩০ দিন দীর্ঘ হতে পারে বলে আগেভাগে ধারণা করা হয়েছিল। এখন চূড়ান্ত গাণিতিক হিসাব সেই ধারণাকেই সমর্থন করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।
এফএ








