ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় সড়ক পরিবহন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফেরত দিচ্ছে। একাধিক পরিবহনকে জরিমানা করা হয়েছে এবং যাত্রী হয়রানি রোধে সতর্কতা জোরদার করা হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা নোবেল দে বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানান। তিনি বলেন, “রাজধানীর ফুলবাড়িয়া, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকায় পরিচালিত অভিযানে দুটি মামলায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ইলিশ পরিবহন ও যমুনা হাই ডিলাক্সকে অতিরিক্ত ভাড়া নেওয়ার দায়ে জরিমানা করা হয়েছে।”
ধোলাইপাড় এলাকায় যাত্রীচাপ বেশি থাকায় চারটি পরিবহনকে ১৩ হাজার টাকা এবং সায়েদাবাদে তিনটি পরিবহনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উভয় ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে। উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় ভাড়ার তালিকা না রাখার অভিযোগে দুটি কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কল্যাণপুর, গাবতলী, হেমায়েতপুর ও সাভার এলাকায় পৃথক অভিযানে চারটি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন একই এলাকায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। রাজধানী ছাড়াও চট্টগ্রামের অক্সিজেন মোড় এলাকায় ৭ হাজার এবং টাঙ্গাইলের এলেঙ্গায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল জেলায় এক মামলায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। খুলনার রূপসা টোল প্লাজা এলাকায় তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা করা হলেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়নি।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত ভাড়া ও অনিয়মের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। সার্বিকভাবে দেশের বিভিন্ন স্থানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং যাত্রী চাপও কমতে শুরু করেছে।
Mily








