ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদের দিনসহ ৫ দিনের পূর্বাভাস

প্রকাশিত: ২৩:৩১, ১৯ মার্চ ২০২৬

ঈদের দিনসহ ৫ দিনের পূর্বাভাস

রাজধানীসহ সারা দেশে আগামী ৫ দিনের জন্য আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ের মধ্যে প্রথম তিন দিনে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের তাপমাত্রা দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

শুক্রবার (২০ মার্চ) সারা দেশে দমকা বা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে গেছে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এ ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে। একই সঙ্গে শিলাবৃষ্টির আভাস রয়েছে। এই দিনে দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঈদের দিন শনিবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি এবং দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২২ মার্চ) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়-বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (২৩ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেটের দু-এক জায়গায় অস্থায়ী বজ্রসহ বৃষ্টি ও দমকা বা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Mily

×