ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ভারতীয় কারাগারে মৃত্যুর ৩৬ দিন পর বাংলাদেশি নাগরিকের মরদেহ ফেরত

জামাল বাদশা, ​লালমনিরহাট

প্রকাশিত: ২১:৫২, ১৯ মার্চ ২০২৬

ভারতীয় কারাগারে মৃত্যুর ৩৬ দিন পর বাংলাদেশি নাগরিকের মরদেহ ফেরত

​ভারতের কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর দীর্ঘ ৩৬ দিন পর খাইরুজ্জামান (৪২) নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ও ভারতের চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।​নিহত খাইরুজ্জামান কুড়িগ্রামের উলিপুর উপজেলার পশ্চিম কালুডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ সাড়ে তিন বছর ধরে ভারতের কারাগারে বন্দি ছিলেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় সাড়ে তিন বছর আগে কাজের সন্ধানে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করেন খাইরুজ্জামান। সেখানে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি কারাবরণ করছিলেন। গত ১০ ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে জলপাইগুড়ি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই তার মৃত্যু হয়।

​খাইরুজ্জামানের ছোট ভাই খয়বর জামান জানান, তার ভাই দীর্ঘ সাড়ে তিন বছর নিখোঁজ ছিলেন। মৃত্যুর পরই তারা জানতে পারেন যে খাইরুজ্জামান ভারতীয় কারাগারে বন্দি ছিলেন। তিনি বলেন, মায়ের শেষ ইচ্ছা ছিল ভাইয়ের মুখটি দেখার। মরদেহটি ফিরে পাওয়ায় আমরা সরকারি ও সংশ্লিষ্ট সবার কাছে কৃতজ্ঞ।

​মরদেহ হস্তান্তরের সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রতিনিধি, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং দুই দেশের পুলিশ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​বুড়িমারী ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, সব ধরনের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহটি গ্রহণ করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মৃত্যুকালে খাইরুজ্জামান স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ রাতে তার নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

×