রাজধানীতে আলোচিত টিকটকার রাকিব হত্যাকাণ্ডে নতুন ও চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, নারীসংক্রান্ত বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি এনে তাকে হত্যা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম জানান, এ ঘটনায় মোট ১০ থেকে ১২ জনের একটি চক্র জড়িত। তাদের মধ্যে ৩ থেকে ৪ জন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেয়। হত্যার উদ্দেশ্য নিয়েই তারা ঘটনার দুই দিন আগে রাজধানীতে এসে বিভিন্ন হোটেলে অবস্থান নেয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আটক এক সন্দেহভাজনের দেওয়া তথ্য ও প্রযুক্তিগত অনুসন্ধানের ভিত্তিতে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় টিকটকার রাকিবকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Mily








