আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে বহুস্তর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এবারের জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। এই দুই ভিভিআইপির উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি জানান, নিরাপত্তার কারণে ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। মুসল্লিরা শুধু জায়নামাজ, ছাতা এবং মোবাইল ফোন সঙ্গে নিতে পারবেন। কোনো ধরনের ব্যাগ বা দাহ্য বস্তু নিয়ে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
ঈদগাহ এলাকা পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে। কমিশনার আরও বলেন, প্রতিটি প্রবেশপথে তল্লাশির ব্যবস্থা থাকবে এবং নারীদের জন্য পৃথক প্রবেশপথ রাখা হয়েছে। সবাইকে নির্ধারিত মূল গেট ব্যবহার করে শৃঙ্খলার সঙ্গে প্রবেশ করতে হবে।
প্রধান ঈদ জামাত আগের মতোই সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা বৃষ্টি হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জামাত আয়োজন করা হবে।
এছাড়া জাতীয় ঈদগাহের পাশাপাশি বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় বাণিজ্য মেলা মাঠেও বিশেষ জামাতের আয়োজন করা হয়েছে।
Jahan








