ঝিনাইদহের মহেশপুরে সরকারবিরোধী আন্দোলনে নিহত ইন্তাদুল হকের পরিবারের খোঁজখবর নিতে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেছে উপজেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার নাটিমা ইউনিয়নের পূর্ব দারিয়ারপুর গ্রামে নিহতের বাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশক্রমে যান উপজেলা বিএনপির সভাপতি মো. মেহেদী হাসান রনি। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
পরিবার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২২ মার্চ সরকারবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গাজিবুর রহমানের ছেলে ইন্তাদুল হক নিহত হন। এরপর থেকে পরিবারটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনযাপন করছে।
পরিদর্শনকালে বিএনপি নেতা মেহেদী হাসান রনি বলেন, “দলীয় আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তাদের পরিবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা সব সময় তাদের পাশে আছি এবং থাকব।” তিনি ইন্তাদুল হকের পরিবারের সদস্যদের যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঈদ উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন নিহত ইন্তাদুল হকের পরিবার। তারা বলেন, রাজনৈতিক নেতাদের এমন খোঁজখবর নেওয়ায় তারা কৃতজ্ঞ এবং এতে তারা কিছুটা হলেও মানসিকভাবে স্বস্তি পাচ্ছেন।
রাজু








