ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ১৭:৩৭, ২৯ জুন ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
চিফ প্রসিকিউটর বলেন, “আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে আসুন এবং নিজের মামলার পক্ষে নিজেই আইনি লড়াই করুন। দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক স্ট্যান্টবাজি ছাড়া আর কিছু নয়। সাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার মোকাবিলা করুন।”
ট্রাইব্যুনালের চলমান বিচার কার্যক্রম সম্পর্কে তিনি জানান, বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মোট ২৪টি মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া সাবেক মন্ত্রী শাহজাহান খান, আমির হোসেন আমু, বিচারপতি মানিকসহ জুলাই হত্যাযজ্ঞ-সংশ্লিষ্ট ১০টি মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে। যাচাই-বাছাই শেষে সেগুলো দ্রুত আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে ট্রাইব্যুনালে দাখিল করা হবে।
এর আগে, রোববার ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে শেখ হাসিনা চলতি বছরের মধ্যেই দেশে ফেরার ইচ্ছার কথা জানান। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি প্রায় দুই বছর ধরে ভারতের দিল্লিতে অবস্থান করছেন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং বাকি দুইটিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।

×