Tareque Rahman
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স (এমএলএ) রিকোয়েস্ট পাঠিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, এসব এমএলএ রিকোয়েস্টের মধ্যে অনেকগুলো ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী শাসনের কারণে দেশের আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বর্তমান বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সহায়তার আশ্বাস দিয়েছেন, যা সরকারের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
সরকারপ্রধান জানান, বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারের লক্ষ্যে ইতোমধ্যে ১৫টিরও বেশি ক্ষতিগ্রস্ত ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধারকারী প্রতিষ্ঠানের সঙ্গে ৬০টির বেশি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করেছে।
বাংলাদেশের প্রচলিত আইন এবং আন্তর্জাতিক আইনকানুন অনুসরণ করে যত দ্রুত সম্ভব এবং সর্বোচ্চ পরিমাণ সম্পদ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।








