ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

প্রকাশিত: ২০:২৮, ১৮ মার্চ ২০২৬

এসএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাকে সামনে রেখে কেন্দ্র পরিচালনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এ নির্দেশনায় প্রতিটি পরীক্ষাকেন্দ্রে পাঁচ সদস্যের ‘কেন্দ্র কমিটি’ গঠন বাধ্যতামূলক করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বোর্ডের এক অফিসিয়াল চিঠিতে জানানো হয়, জেলা প্রশাসককে (ডিসি) চেয়ারম্যান করে এই কমিটি গঠন করতে হবে। তবে উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, গঠিত কেন্দ্র কমিটির পূর্ণাঙ্গ কাগজপত্র আগামী ৫ এপ্রিলের মধ্যে শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিতে হবে।
 

কমিটির গঠন ও সদস্যরা
নতুন নিয়মে, জেলা পর্যায়ে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা পর্যায়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কমিটির সদস্য থাকবেন। ঢাকার মহানগর এলাকায় থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এ দায়িত্ব পালন করবেন। এছাড়া একজন সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং একজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন। সরকারি বিদ্যালয় না থাকলে সেক্ষেত্রে বেসরকারি বিদ্যালয়ের দুইজন প্রধান শিক্ষক রাখা যাবে।
 

কেন্দ্রসচিব নির্বাচন
কেন্দ্র কমিটি নিজস্ব প্রক্রিয়ায় কেন্দ্রসচিব নির্বাচন করবে। সাধারণত সংশ্লিষ্ট কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানই এ দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ ক্ষেত্রে চেয়ারম্যানের অনুমোদন নিয়ে অন্য কোনো যোগ্য ও অভিজ্ঞ প্রধান শিক্ষককে এ দায়িত্ব দেওয়া যাবে।

একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান যদি ওই কেন্দ্রে পরীক্ষার্থী হয়, তাহলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না।
 

ভারপ্রাপ্ত কর্মকর্তা সংক্রান্ত নির্দেশনা
কেন্দ্র কমিটির চেয়ারম্যানই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে অন্য কোনো দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে এ দায়িত্ব অর্পণ করতে পারবেন। এ ক্ষেত্রে অধস্তন-উর্ধ্বতন সম্পর্কের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

শিক্ষা বোর্ডের এ নতুন উদ্যোগে পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা ও অনিয়ম প্রতিরোধ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Mily

×