ইউরোপের ধনী দেশগুলোর একটি লুক্সেমবার্গে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার নতুন সুযোগ তৈরি হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু করেছে ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষার্থীরা এই প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারবেন।
উন্নতমানের শিক্ষা ব্যবস্থা, আধুনিক গবেষণা সুবিধা এবং আন্তর্জাতিক শিক্ষার পরিবেশের কারণে সাম্প্রতিক বছরগুলোতে লুক্সেমবার্গ উচ্চশিক্ষার একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও সহজ করতে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বৃত্তি কর্মসূচিও চালু রেখেছে। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় রয়েছে ‘গুইলাম ডুপাইক্স ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ’, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক সহায়তা দেয়।
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বছরে ১০ হাজার ইউরো পর্যন্ত অর্থ সহায়তা পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকার সমান। সর্বোচ্চ দুই বছর পর্যন্ত এই সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকার জন্য নির্দিষ্ট অর্থ বরাদ্দ থাকবে এবং বাকি অর্থ সেমিস্টারভিত্তিক কিস্তিতে প্রদান করা হবে। অনেক ক্ষেত্রে আইইএলটিএস বাধ্যতামূলক নয়, যদিও কিছু নির্দিষ্ট কোর্সে ভাষাগত যোগ্যতার শর্ত থাকতে পারে।
এই সুযোগের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন, যার মধ্যে বাংলাদেশও রয়েছে। আবেদনকারীদের স্নাতক পর্যায়ে ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে এবং এমন একটি মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হবে যা পুরোপুরি লুক্সেমবার্গে সম্পন্ন হবে। পাশাপাশি শিক্ষার্থীকে ফুলটাইম ভিত্তিতে পড়াশোনা করতে হবে।
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৪ মার্চ ২০২৬।
এ.এইচ








