দেশের জনপ্রিয় মেগা রিয়েলিটি শো ‘Quranic Genius’-এর প্রথম আসরে অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী। এতে চ্যাম্পিয়ন হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আবুল হোসাইন সারজিল। একইসাথে দ্বিতীয় স্থান অর্জন করে রানার্সআপ হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া।
জানা যায়, সারা দেশ থেকে কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্তভাবে ৩০ জন টেলিভিশন রাউন্ডে অংশগ্রহণের সুযোগ পান। ছয়টি ধাপে প্রতিযোগিতা শেষে গ্রান্ড ফাইনালে পাঁচজন অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হন সারজিল, প্রথম রানার্সআপ হন আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া এবং দ্বিতীয় রানার্সআপ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসনুন তাহসিফ। চ্যাম্পিয়ন হিসেবে সারজিল পেয়েছেন ৩ লক্ষ টাকা ও ওমরাহ পালনের সুযোগ। অন্যদিকে প্রথম রানার্সআপ ইহসান পেয়েছেন ২ লক্ষ টাকা। একইসাথে তিনিও পেয়েছেন ওমরাহ করার সুযোগ।
রানার্সআপ আব্দুল্লাহ ইহসান ভূঁইয়া বলেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতেই এ অর্জন করতে পেরেছি। শুরু থেকেই দোয়া করতাম যেন সেরা তিনজনের মধ্যে থাকতে পারি এবং ওমরাহ পালনের সুযোগ পাই—আল্লাহ তায়ালা তার সেই আশা পূরণ করেছেন। রমজানজুড়ে প্রচারিত এ অনুষ্ঠান দেখার জন্য এবং দোয়া করার জন্য সবার প্রতি কৃতজ্ঞ। পাশাপাশি, প্রফেসর মুখতার আহমেদসহ Quranic Genius-এর পুরো টিমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
চ্যাম্পিয়ন আবুল হোসাইন সারজিল বলেন, এই অর্জনের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কুরআনের সাথে দীর্ঘ সময়ের সম্পর্ক, পরিশ্রম, দোয়া ও চেষ্টার এক অপূর্ব প্রতিদান পেয়েছি। এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি শিক্ষকদের দোয়া, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং সহযাত্রী প্রতিযোগীদের সাথে অনুপ্রেরণাময় পথচলার ফল। কুরআনের সাথে সম্পর্ক আরও দৃঢ় করা এবং এর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এখন আরও বেশি অনুভব করছি। টেলিভিশন প্রোগ্রামে এটিই ছিল আমার প্রথম অংশগ্রহণ। ওমরাহর সুযোগের বিষয়টি ভীষণভাবে অনুপ্রাণিত করেছিল।
রাজু








