দেশে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে সরকারি দপ্তরগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে প্রচলিত বৈদ্যুতিক সরঞ্জামের পরিবর্তে এলইডি লাইট ও ইনভার্টার প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
‘বিদ্যুৎ সাশ্রয়ের অঙ্গীকার, আলোকিত হোক সকল পরিবার’—এই স্লোগানকে সামনে রেখে সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ সাশ্রয়, দক্ষতা বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বিভিন্ন কার্যকর পদক্ষেপ তুলে ধরা হয়েছে। এতে আলো ব্যবস্থায় জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়ে সিএফএল বাতির পরিবর্তে এলইডি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, লাইটিং ফিক্সচার বা রিফ্লেক্টরে উচ্চ প্রতিফলন ক্ষমতাসম্পন্ন রং ব্যবহার করলে আলোর উজ্জ্বলতা বাড়ে। সিঁড়ি, ওয়াশরুম ও করিডোরসহ সাধারণ ব্যবহারের স্থানগুলোতে মোশন সেন্সরযুক্ত লাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় বিদ্যুৎ খরচ কমানো যায়। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী নির্ধারিত ‘লাক্স লেভেল’ বজায় রাখা, নিয়মিত লাইট পরিষ্কার রাখা এবং দিনের প্রাকৃতিক আলো সর্বোচ্চ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ক্ষেত্রে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কক্ষের দরজা-জানালা বন্ধ রাখা, ডাবল গ্লেজড বা লো-ইমিশন গ্লাস ব্যবহার এবং নিয়মিত ফিল্টার পরিষ্কার ও সার্ভিসিং করার কথাও বলা হয়েছে। একই সঙ্গে উন্নত ইনভার্টার প্রযুক্তির এসি ও ফ্রিজ এবং জ্বালানি সাশ্রয়ী বিএলডিসি ফ্যান ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে।
প্লাগ লোড ব্যবস্থাপনায় ডেস্কটপ ও ল্যাপটপকে ‘পাওয়ার সেভিং মোডে’ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যক্তিগত প্রিন্টার বা স্ক্যানারের পরিবর্তে কেন্দ্রীয় নেটওয়ার্কভিত্তিক যন্ত্র ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেন গ্রুপভিত্তিক ব্যবহারের কথা বলা হয়েছে এবং অপ্রয়োজনে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে অফিস ভবনের ছাদ বা খালি জায়গায় সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী মোট বিদ্যুৎ চাহিদার কমপক্ষে ৩ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন করা হলে বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি দেশের মূল্যবান জ্বালানি সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে বলে জানিয়েছে পিডিবি।
Jahan








