ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

ঈদের জামাত কখন কোথায়

প্রকাশিত: ১৪:০৫, ১৯ মার্চ ২০২৬

ঈদের জামাত কখন কোথায়

ঈদুল ফিতরের জামাত দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত সময়ে শুরু হবে। রাজধানীতে প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, যেখানে প্রধানমন্ত্রী, বিচারপতি, মন্ত্রিসভা সদস্যসহ নানা শ্রেণির মানুষ অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে হবে পাঁচটি জামাত, প্রথমটি সকাল ৭টায় এবং শেষটি সকাল ১০টা ৪৫ মিনিটে। প্রধান জামাতের ইমামতি করবেন মুফতি মুহাম্মদ আবদুল মালেক, বিকল্প ইমাম হবেন মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।

ঢাকার অন্যান্য জায়গায়ও জামাতের ব্যবস্থা রয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় জামাত হবে, আগারগাঁও চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় জামাত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দুটি জামাত হবে সকাল ৮টা ও ৯টায়। সলিমুল্লাহ মুসলিম হল, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হলে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকাল ৮টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

চট্টগ্রামে প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে। এছাড়া নগরীর শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদসহ অন্যান্য মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠেও সকাল সাড়ে ৮টায় জামাত হবে।

বরিশালে প্রধান জামাত হবে হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায়, যেখানে এবার নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। খুলনায় প্রধান জামাত সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে। আবহাওয়া খারাপ হলে খুলনা টাউন জামে মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সিলেটে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে, অন্য মসজিদে একই সময়ে জামাতের আয়োজন আছে।

রংপুরে প্রধান জামাত হবে কালেক্টরেট ঈদগাহে সকাল ৮টায়, আবহাওয়া খারাপ হলে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হবে। ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত সকাল ৮টায়, দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ময়মনসিংহের অন্যান্য বড় মসজিদ ও মাঠেও সকাল ৭টা থেকে ৯টার মধ্যে জামাতের ব্যবস্থা করা হয়েছে।

সারাদেশে শহর ও গ্রামের প্রায় সকল মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে নিরাপদ ও সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠিত হবে।

এ.এইচ

×