বগুড়ার সান্তাহার এলাকায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়েছে। উদ্ধার অভিযান শেষ করে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়ার পর বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস চলাচলের মধ্য দিয়েই এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঘটনাটি ঘটে বুধবার দুপুরে, যখন ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস বগুড়ার সান্তাহার জংশন পার হওয়ার কিছুক্ষণ পর বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ৯টি কোচ লাইন থেকে ছিটকে পড়ে এবং ঈদে বাড়ি ফেরা শতাধিক যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়। রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানান, ঈশ্বরদী ও পার্বতীপুর থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। রাতভর অভিযান চালিয়ে লাইনচ্যুত কোচগুলো সরানো হয় এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হয়।
তিনি আরও বলেন, আপাতত ট্রেন চলাচল শুরু হলেও দুর্ঘটনাস্থলে ট্রেনগুলোকে ধীরগতিতে চলতে হবে। একই সঙ্গে রেললাইন মেরামতের কাজ চলতে থাকবে। ঈদের আগে এমন ঘটনায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সান্তাহার রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশনমাস্টার শহিদুল ইসলাম রঞ্জুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি পুরো ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ.এইচ








