ছবি: সংগৃহীত
নিজের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পবিত্র রমজান মাসের শেষভাগে এসে তিনি নফল ইবাদতে মগ্ন হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ‘অপ্রয়োজনীয়’ কথা ও ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। আজ বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত জানান।
জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম এই নেতা ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হওয়ার পর নানা কর্মকাণ্ডে আলোচিত ও সমালোচিত হয়েছেন। বিশেষ করে বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তিনি রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়েন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যে অনিচ্ছাকৃতভাবে কেউ তার কথা বা কাজে কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন যে গত কয়েক দিনে রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও সহযোদ্ধাদের কাছ থেকে তিনি গঠনমূলক আলোচনার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন। সেই দিক-নির্দেশনা মেনে নিয়ে এখন থেকে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার অঙ্গীকার করেছেন তিনি। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় তারাবিহর নামাজ পড়ার পাশাপাশি ধানমন্ডির তাকওয়া মসজিদে ‘কিয়ামুল লাইলের’ মাধ্যমে নিজের আত্মিক যাত্রা শুরু করেছেন এই তরুণ রাজনীতিক।
ফারুক








