বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ব্যবহারে নতুন করে সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস ঢাকা। বুধবার (১৮ মার্চ) প্রকাশিত এক বার্তায় ভিজিটর ভিসার অপব্যবহার সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়।
দূতাবাস জানায়, বি১/বি২ ভিজিটর ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার মাধ্যমে নাগরিকত্ব লাভের চেষ্টা—যা ‘বার্থ ট্যুরিজম’ নামে পরিচিত—কোনোভাবেই অনুমোদিত নয়। এ ধরনের উদ্দেশ্যে ভিসা ব্যবহার করলে তা ভিসা নীতিমালার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
বার্তায় আরও বলা হয়, ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কোনো ধরনের আয়ের উৎসে যুক্ত হওয়া যাবে না। অর্থাৎ, কোনো প্রতিষ্ঠান বা নিয়োগকর্তার অধীনে পারিশ্রমিকভিত্তিক কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ। একই সঙ্গে একাডেমিক ডিগ্রি বা আনুষ্ঠানিক ক্রেডিট অর্জনের লক্ষ্যে পড়াশোনাও এই ভিসার আওতায় বৈধ নয়।
দূতাবাস সংশ্লিষ্টরা উল্লেখ করেন, ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে জটিলতা তৈরি হতে পারে। তাই আবেদনকারী ও ভ্রমণকারীদের ভিসার নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, ভিসা সংক্রান্ত এই ধরনের সতর্কতা ভবিষ্যতে অনিয়ম কমাতে এবং অভিবাসন ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে সহায়ক হবে।
Mily








