চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ছররা গুলিতে আজাদ আলী (২৭) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজাদ আলী নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও বদর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন আজাদ আলী। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর তিনি অবৈধভাবে ভারতীয় সীমান্ত অতিক্রম করে মাদক আনতে গেলে ভারতের ধঞ্চা এলাকায় অবস্থানরত বিএসএফ সদস্যরা সীমান্ত টাওয়ার থেকে তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তার পিঠ ও হাতে একাধিক গুলি বিদ্ধ হয় এবং তিনি গুরুতর আহত হন।
পরবর্তীতে আহত অবস্থায় কোনোভাবে নিজ বাড়িতে ফিরে এলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, ঘটনাটির বিষয়ে তিনি অবগত আছেন। আজাদ আলী বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
অন্যদিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয়রা সীমান্তে নিরাপত্তা জোরদার ও সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
নোভা








