জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ষড়যন্ত্র করে দমন-পীড়নে সহায়তা এবং উসকানিসহ মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বেলা দেড়টার পর এ রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এ মামলায় হাসানুল হক ইনুই একমাত্র আসামি।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর গাজী এম এইচ তামিম, আব্দুস সাত্তার তরাফদার, মীজানুল ইসলাম, ফারুক আহমেদ ও আব্দুস সাত্তার পালোয়ানসহ অন্যান্য প্রসিকিউটর। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও নাজনীন আহসান।
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ নিহত হন। এ ছাড়া বহু নিরীহ মানুষ আহত হন। এসব ঘটনায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে উসকানি, প্ররোচনা, ষড়যন্ত্র ও দমন-পীড়নে সহায়তাসহ আটটি অভিযোগে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।
২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ইনুর বিরুদ্ধে ৩৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে ২০ জনকে সাক্ষী করা হলেও বিচার চলাকালে ১০ জনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপক্ষ তাদের সাক্ষ্য উপস্থাপন শেষ করে।








