ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

আলমডাঙ্গায় ঝড়-বৃষ্টির তাণ্ডব

ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারে নগদ অর্থ-খাদ্য সামগ্রী বিতরণ

জাফর জুয়েল, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ০৮:২৫, ২০ মার্চ ২০২৬

ক্ষতিগ্রস্ত ৬৫ পরিবারে নগদ অর্থ-খাদ্য সামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বুধবার দিবাগত রাতে আকস্মিক দমকা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের সময় গাছের ডাল ভেঙে ঘরের চালের উপর পড়ে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতের হঠাৎ এই দুর্যোগে উপজেলার হারদি ও বাড়াদী ইউনিয়নের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। ঝড়ে অন্তত একজন নিহত হওয়ার পাশাপাশি প্রায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া প্রায় ৬৫টি বসতবাড়ি, গাছপালা, বিদ্যুতের খুঁটি ও মাঠের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার। এ সময় তারা বাড়াদী ইউনিয়নের কাঠাভাঙ্গা ও হারদি ইউনিয়নের উদয়পুর গ্রাম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত ৬৫টি পরিবারের মাঝে মোট ৫০ হাজার টাকা নগদ সহায়তা এবং শুকনো খাদ্যসামগ্রী (ফুড প্যাকেজ) বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান তবারক হোসেন এবং হারদি ইউনিয়নের চেয়ারম্যান ওল্টু।

স্থানীয়রা জানান, আকস্মিক এই ঝড়ে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতির মুখে পড়েছে। তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে  সরকারিভাবে আরো সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

নোভা

×