ছবি: জনকণ্ঠ
দীর্ঘদিনের জ্বালানি তেলের সংকট কাটিয়ে সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করতেই মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। হঠাৎ করে তেল সরবরাহ শুরু হওয়ার খবরে সকাল থেকেই পাম্পগুলোতে ভিড় জমাতে শুরু করেন চালক ও সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরের দিকে দেখা যায়, উপজেলার বিভিন্ন পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ সারি সড়কের অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তেল সংগ্রহে চালকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেলেও অতিরিক্ত ভিড়ের কারণে অনেককে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন তেলের অভাবে তারা স্বাভাবিকভাবে যানবাহন চালাতে পারছিলেন না। এতে জীবিকা নির্বাহে যেমন সমস্যা হয়েছে, তেমনি দৈনন্দিন যাতায়াতেও ভোগান্তিতে পড়তে হয়েছে।
একাধিক মোটরসাইকেল চালকেরা জানান, অনেকদিন ধরে ঠিকমতো তেল পাওয়া যাচ্ছিল না। আজ তেল আসার খবর পেয়ে সকালেই পাম্পে চলে এসেছি। কিন্তু এত ভিড় যে তেল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে পাম্প মালিকরা জানান, দীর্ঘদিন সরবরাহ ঘাটতির কারণে জমে থাকা চাহিদা একসঙ্গে তৈরি হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকলে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে অতিরিক্ত ভিড়ের প্রভাব পড়েছে আশপাশের সড়কেও। পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ সারির কারণে যানজটের সৃষ্টি হয়েছে, এতে সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহন চালকরাও ভোগান্তিতে পড়েছেন।
এ.এইচ








