ফ্যামিলি কার্ড নিয়ে দেওয়া এক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির এক নেতাকে ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ শাহ আলম শানুকে শোকজ করেছে জেলা বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জেলা বিএনপির জারি করা এক নোটিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তার একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই বক্তব্যে তিনি বলেন, যারা বিএনপির মিটিংয়ে অংশ নেননি, তারা ফ্যামিলি কার্ড পাবেন না। এমন মন্তব্য দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং কেন্দ্রীয় নির্দেশনার সঙ্গেও অসামঞ্জস্যপূর্ণ। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এ প্রেক্ষিতে নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এই শোকজ নোটিশকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিষয়টি নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। এখন সবার দৃষ্টি রয়েছে শাহ আলম শানুর জবাবের দিকে।








